রেললাইনে হাঁটছিলেন, মুহূর্তেই হলেন লাশ
A dead body on the train
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
নিহত ব্যক্তি নরসিংদীর রায়পুরা থানার মেথিকান্দা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আল আমিন (৪৫)। তিনি পূবাইলের বসুগাঁও এলাকায় বসবাস করতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান জানান, পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় টঙ্গী-ভৈরব রেললাইন দিয়ে হাঁটছিল আল আমিন। একপর্যায়ে তিনি একটি ট্রেনের নিচে কাটা পড়ে।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত আল আমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।