কয়েক মাসের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে আর কে নয়ন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এর আগে ৩০ জানুয়ারি নয়নের বাবা প্রবাসী মোহাম্মদ ফজলুল কবির সংযুক্ত আরব আমিরাত আল-আইনের তাওয়াম হসপিটালে মারা যান।
প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাবার পর ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১৯ জুন) ভোররাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন মোহাম্মদ সাহেদ (১৮) নামে আরও একজন।
আর কে নয়ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজী রহমত আলী সারাং বাড়ি প্রকাশ মওলার বাড়ির মরহুম ফজলুল কবিরের ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মফিজুর জানান, মুহুরীহাট এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। নয়নের সঙ্গে থাকা সাহেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন।