নির্মাতা মনির হোসেন জীবন আর নেই
নির্মাতা মনির হোসেন জীবন আর নেই। বুধবার রাত ১২টা ৫৩ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন নির্মাতা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর। সংগঠনটির সহ-সভাপতি পদে নির্বাচিত নেতা ছিলেন নির্মাতা জীবন। সাগর জানান, ব্রেন স্ট্রোক করেছিলেন মনির হোসেন জীবন। পরে তাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নির্মাতা। জীবনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। শ্রদ্ধা জানানোর পর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাজা শেষে মরহুমের মরদেহ পিতৃনিবাস নরসিংদীর মনোহরদীতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে নির্মাতাকে। জীবনের অকাল প্রস্থানে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে টিভিসংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিরা।
বিটিভিতে ১৯৯৭ সালে প্রচার হয়েছিল হুমায়ুন আহমেদের চিত্রনাট্যে তুমুল জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘আজ রবিবার’। নাটকটি নির্মাণ করেছিলেন মনির হোসেন জীবন। ২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা স্বাধীন চলচ্চিত্র গঠন করেন। এই প্রযোজনা সংস্থা থেকে তিনি অসংখ্য একক নাটক নির্মাণ করেন। এর মধ্যে ‘সাদা কাগজ’, ‘বন্যার চোখে জল’, ‘অপ্রত্যাশিত প্রত্যাশা’, ‘অতঃপর নিঃসঙ্গতা’, ‘একজন ময়না’, ‘গানম্যান’, ‘বিবাহ সংকট’, ‘কোরবান আলীর কোরবানি’ উল্লেখযোগ্য।