কক্সবাজারে ১০ দলিল লেখকের সনদ বাতিল

Cox's Bazar
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুলাই ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৪ জুলাই ২০২৪ ০৯:১৭ পূর্বাহ্ন
কক্সবাজারে ১০ দলিল লেখকের সনদ বাতিল
চকরিয়ায় রেজিস্ট্রার অফিস। ছবি: সংগৃহীত

দলিল লেখক (সনদ) বিধিমালা, ২০১৪ এর ১২ নম্বর বিধিমতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসংগত আদেশ অমান্য করা তথা গুরুতর পেশাগত অসদাচারণের দায়ে কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের ১০ জন দলিল লিখকের সনদ বাতিল করা হয়েছে।

গতকাল কক্সবাজার জেলা সাব রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত লিখিত আদেশে ১০ জন দলিল লেখকের সনদ বাতিল ঘোষণা করা হয়। বিজয় বাংলা কে বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলা সাব রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন। 

সনদ বাতিল হওয়া দলিল লেখকরা হলেন শওকত উসমান (সনদ নম্বর ৯০), এম. জসিম উদ্দিন (সনদ নম্বর ৬৯), মৌং জাকের উল্লাহ (সনদ নম্বর ৫৯), মামুনুর রশিদ (সনদ নম্বর ১৯৫), মুজিবুল হক (সনদ নম্বর ১০০) আবদুল হামিদ (সনদ নম্বর ১৭১), ফজলেহ উদ্দিন (সনদ নম্বর (১৩৩), বোরহান উদ্দিন (সনদ নম্বর (২০৮), মো: আমিনুর রহমান (সনদ নম্বর ৯২) ও আহমদ আলী (সনদ নম্বর ১০৫)। 

উপজেলা সাব রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন বলেন, দলিল লেখক সনদ পেতে সরকারি নীতিমালার আলোকে আবেদন করতে হয়। অন্যদের মতো এই দলিল লেখকরা সেই নীতিমালা অনুসরণ করে আবেদন করে সনদ পেয়েছেন। কিন্তু তাঁরা পেশাগত কাজের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন করে কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছেন। এই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় জেলা সাব রেজিস্ট্রার অফিস আদেশের মাধ্যমে তাদের সনদ বাতিল ঘোষণা করেন।

এ আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বাতিল হওয়া সংশ্লিষ্ট দলিল লেখকদের অফিস আঙিনায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ও এদের কাছ থেকে দলিল মোসাবিদা না করার জন্য আহবান জানানো হয়।