নওহাটা পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা
পবা উপজেলার নওহাটা পৌরসভায় আগামী ২০২৪-২০২৫ অর্থ বাজেট ঘোষণা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। নওহাটা পৌরসভা চত্বরে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ। সভায় সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান (পবা-মোহনপুর), এই এলাকায় সদ্য বরাদ্দকৃত বাজেট বরাদ্দের ঘোষণার বিশদ বিবরণ দেন। তিনি জানান, আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে অত্র এলাকার মানুষের উন্নয়নের জন্য বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যহত থাকবে।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৭২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সভায় নওহাটা পৌরসভার ২০২৪- ২০২৫ অর্থবছর বাজেটে, আয় ও ব্যয় বরাদ্দের বিষয়ে খুঁটিনাটি আলোচনার গৃহীত প্রস্তাবে পৌরসভার আয় ও ব্যয় যথাক্রমে রাজস্ব আয়, ৭ কোটি ৭২ লক্ষ ২৮হাজার ৬ শত টাকা ও উন্নয়ন খাতে ব্যয় হবে ৬৪ কোটি ৬৬ লক্ষ ২৬ হাজার।
সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আরো বলেন, বিগত বছরের প্রত্যাশিত উন্নয়নে পৌর পরিষদ সফলতা দেখিয়েছে। আর আগামীতেও পৌর পরিষদকে আরো গতিশীল ও এই এলাকাকে দৃষ্টি নন্দন করার স্বপ্নকে বাস্তবায়ন করতে পৌরসভার নাগরিকদের পূর্ণ সহযোগীতা ও একাত্বতার আহবান জানান ৷
নওহাটা পৌরসভার মেয়র তার বক্তব্যে, অত্র এলাকায় পুরনো প্রাথমিক বিদ্যালয় বর্ধিতকরন ও জাতীয়করনের স্বপ্ন বাস্তবায়নের আশা প্রকাশ করেন। সেই সাথে পৌর পরিষদের জীর্ন- শীর্ন বিলুপ্তপ্রায় প্রতিবন্ধী স্কুলের পূর্ণ সংস্করণ করতে রাজস্ব খাতের অর্থ ব্যবহারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বাজেট বিষয়ক এই আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার, নওহাটা পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, পৌরসভা মেডিক্যাল অফিসার ওয়ালিউল ইসলাম খান, নওহাটা পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাল হাসান এবং প্যানেল মেয়র-১ আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ আরও অনেকে।