২০২৫ সালে শেষ হবে শাহ্ মখদুম বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ

Muhammad Farooq Khan
আবুল কালাম আজাদ , রাজশাহী ০৭ জুলাই ২০২৪ ০৬:৪০ পূর্বাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ , রাজশাহী ০৭ জুলাই ২০২৪ ০৬:৪০ পূর্বাহ্ন
২০২৫ সালে শেষ হবে শাহ্ মখদুম বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে চলমান উন্নয়ন প্রকল্প ২০২৫ সালের জুন মাসের দিকে শেষ হবে।

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে চলমান উন্নয়ন প্রকল্প ২০২৫ সালের জুন মাসের দিকে শেষ হবে।

শনিবার (৬ জুন) বিকেলে রাজশাহীতে সরেজমিনে বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এ কথা বলেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই বিমানবন্দরে যাতে ওয়াইড বডি উড়োজাহাজ উঠানামা করতে পারে সেজন্য এর রানওয়ের দৈর্ঘ্য ও শক্তি বৃদ্ধি করার কাজ চলমান। আশা করছি এই প্রকল্প ২০২৫ সালের জুন মাস নাগাদ সমাপ্ত হবে।

তিনি আরও বলেন, শাহ্ মখদুম বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আরও তিন হাজার ফিট বৃদ্ধির একটি চিন্তাভাবনা আমাদের রয়েছে। তবে এর সঙ্গে জমি অধিগ্রহণসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় জড়িত রয়েছে। ফলে বিষয়টি পর্যালোচনার দাবি রাখে। সম্ভাব্যতা যাচাই এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এছাড়া, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা সুখকর করার জন্য এই বিমানবন্দরে অচিরেই একটি নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শুরু হবে। নতুন টার্মিনাল ভবন নির্মাণ শেষে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন। ভবিষ্যতে যাত্রী ও কার্গো সংখ্যা বৃদ্ধি এবং বিদেশি এয়ারলাইন্সের এই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার আগ্রহ সাপেক্ষে একে আন্তর্জাতিক মানে উন্নয়নের চিন্তাভাবনা করা হবে।