ভাষণের মাঝে আচমকা কানে হাত দিয়ে মঞ্চে বসেন ট্রাম্প!
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভায় গুলি চালানো হয়েছে। বন্দুকধারীর হানায় জখম হয়েছেন ট্রাম্প। তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে গুলি। ভরা সভার মাঝে প্রথমে কানে হাত দিয়ে বসে পড়েন ট্রাম্প। নিজেই জানিয়েছেন, রক্ত দেখার পর বুঝতে পারেন, আসলে কী ঘটেছে।
শনিবার পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওই সভায় ঠিক কী ঘটেছিল? একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন ট্রাম্প। তাঁর আশপাশে প্রচুর সমর্থক জড়ো হয়েছেন। তাঁদের কারও কারও হাতে ট্রাম্পের সমর্থনে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে পোস্টার ধরা। হঠাৎ পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। কথা বলতে বলতে আচমকা ডান কানে হাত দেন ট্রাম্প।
কিছু যে ঘটেছে, তা বুঝতে পেরে মুহূর্তে নিচু হয়ে বসে পড়েন পিছনে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা। সকলের চোখেমুখে তখন আতঙ্কের ছাপ। ট্রাম্প নিজেও কানে হাত দিয়েই বসে পড়েন। আচমকা আঘাতে কিছুটা যেন থতমত খেয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান তাঁর নিরাপত্তারক্ষীরা।
বেশ কিছুক্ষণ বসেছিলেন ট্রাম্প। মঞ্চেই পোডিয়ামের আড়ালে তাঁকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণ পরে তাঁকে ধরে আস্তে আস্তে তোলা হয়। ট্রাম্প উঠে দাঁড়ান।
দেখা যায়, তাঁর ডান কান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত লেগেছে মুখেও। মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়ে স্লোগান দিতে শুরু করেন ট্রাম্প। ডান হাতের মুঠি শক্ত করে উপরের দিকে ছুড়ে দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘ফাইট, ফাইট।’
আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। তারই প্রচারে সভা করছিলেন পেনসিলভেনিয়ায়। সেখানে বন্দুক হামলার ঘটনা ঘটে। সমাজমাধ্যমে ওই ঘটনাস্থলের একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে।
তাতে দেখা গেছে, ট্রাম্পকে সরিয়ে নিয়ে যাওয়ার পর মঞ্চে রক্ত লেগে রয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।