পরকীয়ার অভিযোগ, এনভিডিয়ার সিইও পদ নিয়ে অনিশ্চয়তা

Allegations of alienation
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ১২ নভেম্বর ২০২৬ ০২:০৪ অপরাহ্ন
পরকীয়ার অভিযোগ, এনভিডিয়ার সিইও পদ নিয়ে অনিশ্চয়তা
সংগৃহীত ছবি

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁকে দায়িত্ব থেকে সরানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার (১১ নভেম্বর) বৈঠকে বসেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র।


জেনসেন হুয়াংয়ের বার্ষিক বেতন ৩৬ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৫৮ কোটি টাকা। সেই হিসাবে প্রতি মাসে তাঁর বেতন প্রায় ৩৮ কোটি টাকা। বিপুল অঙ্কের পারিশ্রমিক পাওয়া এই শীর্ষ নির্বাহীর ভবিষ্যৎ এখন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ ওঠার পর তাঁর নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, তাঁকে সিইওর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠক করছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস এবং জ্যেষ্ঠ প্রকৌশলী ইয়ান বাক। তাঁরা দুজনই এক দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত আছেন।


কোলেট ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন। এর আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। অন্যদিকে, ২০০৪ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া ইয়ান বাক প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং সিইউডিএ সফটওয়্যার প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


বিশ্লেষকদের ধারণা, অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কোলেট ক্রেসকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইয়ান বাকের নামও বিবেচনায় রয়েছে।


নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে। এর ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে প্রতিষ্ঠানটি।