রেলওয়ে পাকশী বিভাগে ৮ দিনে ক্ষতি ১২ কোটি টাকা

Railway Pakshi Division
আবুল কালাম আজাদ (রাজশাহী) ২৭ জুলাই ২০২৪ ০৮:০৮ পূর্বাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ (রাজশাহী) ২৭ জুলাই ২০২৪ ০৮:০৮ পূর্বাহ্ন
রেলওয়ে পাকশী বিভাগে ৮ দিনে ক্ষতি ১২ কোটি টাকা
রেলওয়ে পাকশী বিভাগে ৮ দিনে ক্ষতি ১২ কোটি টাকা। __প্রতীকী ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে কারফিউ জারির পর সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকায়  ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে  যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল বন্ধ থাকায় গত আট দিনে প্রায় সাড়ে ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

২৭ জুলাই শনিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন,দেশের সর্বাধিক এলাকা জুড়ে পাকশী রেলওয়ে বিভাগ গঠিত। পাকশীতে রয়েছে বিভাগীয় রেলওয়ের সদর দপ্তরের কার্যালয়। গুরুত্বপূর্ণ এ বিভাগের আওতায় প্রতিদিন ১১৪টি যাত্রীবাহী ট্রেন রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচল করে থাকে। এর মধ্যে ৫৬টি আন্তঃনগর ট্রেন রয়েছে। এসব যাত্রীবাহী ট্রেন থেকে প্রতিদিন  পাকশী রেলওয়ে বিভাগ গড়ে দেড় কোটি টাকা আয় করে থাকে। এছাড়াও মাল ও তেলবাহী ট্রেন থেকেও রাজস্ব আয় হয় রেলওয়ের।

রেলওয়ের সর্বোচ্চ কর্মকর্তারা যাত্রী নিরাপত্তা ও রেল সম্পদের উপর নাশকতার আশঙ্কায় গত ১৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাত থেকে রাজধানী ঢাকার সঙ্গে সকল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরদিন ২০ জুলাই (শনিবার) সকাল থেকে পর্যায়ক্রমে ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে প্রতিদিন শুধুমাত্র পাকশী রেল বিভাগে যাত্রী খাতে দেড় কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়। সে হিসেবে গত আটদিনে গড়ে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ক্ষতি হয়েছে।এই ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।

একইসঙ্গে মাল ও তেলবাহী ট্রেনও কয়েকদিন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে পাকশী রেলওয়ে বিভাগ। এরই মধ্যে সীমিত পরিসরে গত মঙ্গলবার (২৩ জুলাই) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাত্রী খাতে আয় বাড়াতে এরই মধ্যে কিছু ট্রেন চলাচলের প্রস্তুতি নিয়ে রেখেছে পাকশী রেল বিভাগ। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই ট্রেন চালানো শুরু হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী ট্রেনগুলো সারা দেশে চলাচলের জন্য খুলে দেওয়ার। তবে কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বা ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছেনা।