পবা উপজেলার মাটিতে হ্রাস পাচ্ছে জৈব পদার্থের উপস্থিতি
- পাঁচ এর স্থলে শূণ্য দশমিক ৫ শতাংশ! উর্বরতা হুমকির মূখে
রাজশাহীর পবা উপজেলার অধিকাংশ আবাদী জমিতে দিন দিন হ্রাস পাচ্ছে জৈব পদার্থের উপস্থিতি। মাটির চারটি উপাদানের মধ্যে অন্যতম এই উপাদানটি পাঁচ শতাংশ থাকার কথা থাকলেও সেটির উপস্থিতি নেমে এসেছে এক শতাংশের নিচে। কোন কোন এলাকায় সেটির উপস্থিতি শূণ্য দশমিক ৫ শতাংশ মাত্র। জৈব পর্দাথের অভাবে দিন দিন হ্রাস পাচ্ছে জমির উর্বরতা ক্ষমতা। মৃত্তিকা সংশ্লিষ্ট ব্যক্তিরা যেটিকে অন্যভাষায় বলছেন ‘নষ্ট হচ্ছে জমির স্বাস্থ্য’। গোবর-পচাঁ পাতা কিংবা সমজাতীয় উপাদান থেকে প্রাপ্ত জৈব সার মাটির উর্বরতা ক্ষমতা ধরে রাখে। কিন্তু বর্তমানে, চাহিদার বিপরীতে কম সময়ে অধিক ফসল উৎপাদনের প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের উপযোগী ও মানসম্পন্ন সারের (ইউরিয়া, টিএসপি, দস্তা সার (জিংক সালফেট), জিপসাম ও এমপি) ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়েছে। জৈব সার ব্যবহারে অনাগ্রহ ও প্রয়েজনীয় পরিমাণ প্রাপ্যতার অভাবে দিন দিন নির্ভর হয়ে পড়ছেন কৃত্রিম সারের উপর। এরফলে, শস্য উৎপাদন ও ফলন অধিক মাত্রার হলেও; দিন দিন কমে যাচ্ছে মাটির অন্যতম উপাদান জৈব উপাদানের পরিমাণ। যার কারণে উর্বরতা হারাচ্ছে মাটি। চারটি উপাদান দিয়ে গঠিত হয় মাটি। এগুলো হলো অর্গানিক ম্যাটারিয়াল ৪৫ শতাংশ, পানি ২৫ শতাংশ, বাতাস ২৫ শতাংশ ও জৈব উপাদান ৫ শতাংশ। এরমধ্যে মাটির উর্বরতা বৃদ্ধিতে একমাত্র ভূমিকা রাখে জৈব পদার্থ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী, রাজশাহী জেলার মোট আয়তন ২ লাখ ৪২ হাজার ৫৪০ হেক্টর। জেলাতে মোট আবাদি জমির পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ১৮৫ হেক্টর। এরমধ্যে, উঁচু জমির পরিমাণ ১ রাখ ২৮ হাজার ৯১৬ হেক্টর, মাঝারি উঁচু জমি রয়েছে ৫৩ হাজর ৭০৪ হেক্টর, নিচু জমি ১০ হাজার ৬০৯ হেক্টর, মাঝারি নিচু জমির পরিমাণ ২৯ হাজার ৯২৮ হেক্টর আর অতি নিচু জমি রয়েছে ১৯ হাজার ৩৮৩ হেক্টর।
জানতে চাইলে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট (এসআরডিআই) রাজশাহীর বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নুরুল ইসলাম দৈনিক আমাদের রাজশাহীকে জানান, আবাদী ভূমিগুলোতে পূর্বের চাইতে জৈব সারের উপস্থিত অনেক হ্রাস পেয়েছে। আন্তর্জাতিকভাবে আদর্শ মাটিতে ৫ শতাংশ জৈব উপাদান থাকার কথা। জেলার অঞ্চল ভেদে এক শতাংশ থেকে দুই শতাংশ জৈব পদার্থ সমৃদ্ধ মাটি এখনো রয়েছে। তবে কোন কোন স্থানে জৈব পদার্থের উপস্থিতি ১ শতাংশেরও কম আছে। কৃষকরা মাটির ধরণ বুঝে রাসায়নিক সারের করেনা। সারের সুষম বন্টন না হলে এবং নিয়মিত জৈব সার ব্যবহার না করার কারণে মাটির উর্বরতা হ্রাস পায়। গোবরের প্রাপ্যতা অনেক বেশ কঠিণ বিষয়; এছাড়াও কেঁচো ব্যবহারের বিষয়টিও এখন বেশ জটিল তাই আবাদি জমিগুলোতে হ্রাস পাচ্ছে উর্বরতা। আমরা অতিশীঘ্রই এই বিষয়টি নিয়ে একটি জরিপ চালাবো।
পবা উপজেলা কৃষি অফিসের হরিয়ান ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, উপজেলার অধিকাংশ আবাদি জমিতে জৈব পর্দাথের উপস্থিতির গড় ‘শূণ্য দশমিক ৫ শতাংশ মাত্র। তবে কোন কোন স্থানে জৈব পদার্থের উপস্থিতি এক শতাংশের বেশি আছে। মাটির উর্বরতা ক্ষমতা অক্ষত রাখতে হলে নিয়মিতভাবে জৈব ও রাসায়নিক সারের সমন্বিতভাবে প্রয়োগ করতে হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
উল্লেখ্য, প্রকাশিত তথ্যসূত্র থেকে জানা যায়, ২০২০ সালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) ‘ল্যান্ড ডিগ্রেডেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সমীক্ষা চালায়। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, দেশে সব ধরনের বিশেষ করে আবাদি, বনভূমি, নদী, লেক, সংরক্ষিত বনাঞ্চল, সুন্দরবন ইত্যাদি এলাকা মিলিয়ে জমির পরিমাণ এক কোটি ৪৭ লাখ ৬০ হাজার হেক্টর। এর মধ্যে জৈব পদার্থের ঘাটতি রয়েছে এক কোটি ১৬ লাখ ৪০ হাজার হেক্টর বা মোট জমির প্রায় ৭৮ দশমিক ৯০ শতাংশে।
নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে এবিষয়ে উপজেলার একজন কৃষি কর্মকর্তা মন্তব্য করতে গিয়ে বলেন, জমি থেকে যে পরিমাণ ফসল নিচ্ছি, সেই পরিমাণ জৈব পদার্থ যুক্ত করতে পারছি না। ফলে মাটির জৈব পদার্থ শুধু না, অন্যান্য পুষ্টি উপাদানও কমে যাচ্ছে। একটি জমিতে ৩০ বছর আগে ৫-৬ মণ ধান হতো, এখন হচ্ছে প্রায় ৩০ মণ। এই পুষ্টি তো মাটি থেকেই নিচ্ছে। সেই হারে তো আমরা মাটিকে দিচ্ছি না। আগে বছরে একটা ফসল চাষ হতো, এখন দুই তিনটা। জনসংখ্যা চাপের কারণে মাটিকে বেশি শোষণ করে নিচ্ছি আমরা। এটা ভবিষ্যতের জন্য অবশ্যই হুমকি।
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন অন্তর্গত আলীমগঞ্জ গ্রামের হাসানুল আলম, আসাদুল হক ও রেজাউল করিম সহ অন্যান্য এলাকার কৃষকরা দৈনিক আমাদের রাজশাহীকে জানান, ফসল উৎপাদন আগের চাইতে এখন অনেক বেশি হয়। নিয়মিতভাবে ইউরিয়া ও অন্যান্য সার ব্যবহারে ধানের আবাদ বেশি হলেও মাটির উর্বরতা আগের চেয়ে অনেক কমেছে। অধিকাংশ কৃষক কম সময়ে বেশি আবাদের আশায় জমিতে সার ও কীটনাশক বেশি ব্যবহার করে। গরু-মহিষের গোবর দেবার প্রচলনটা একেবারেই কমে গেছে। অন্যদিকে, একই গ্রামের কৃষক হাসানুল আলমের দাবি; ইউরিয়া সহ অন্যান্য সার ব্যবহারের পাশাপাশি তিনি তার জমিতে নিয়মিতভাবে গোবর দেবার চেষ্টা করেন। যার কারণে, অন্যদের চাইতে তার জমিগুলোতে শস্য ও অন্যান্য শাকসবজির ফলন বেশি। নিজের বেশ কয়েকটি গরু থাকার কারণে জমিতে তিনি জৈব সার দিতে পারেন। মাটিতে জৈব সার ব্যবহারে আবাদ ভাল হবার পাশাপাশি শস্য হয় উচ্চমান সম্পন্ন। মাটির উর্বরতাও ভাল থাকে। নাম প্রকাশ না করার শর্তে পবা উপজেলার দামকুড়ার একজন বর্গা চাষি বলেন, তিনি দুই বিঘা জমিতে বোরো ধান রোপন করে চলতি বছরে ভাল ফলন পেয়েছে। ফলন ভাল হলেও জৈব জাতীয় সার ব্যবহার করতে না পারায় দিন দিন মাটির উর্বরতা কমে যাচ্ছে।
পুষ্টিবিদরা বলছেন, মাটিতে জৈব উপাদানের ঘাটতি হলে মানুষের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। কারণ, মাটির গুণাগুণ কমে গেলে ফসল উৎপাদন করতে গিয়ে বেশি পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে হয়। এর ফলে ফসলের খাদ্যগুণ যেমন কমে যাচ্ছে, তেমনি এগুলো খাবারের মাধ্যমে মানুষের দেহেও প্রবেশ করছে।
গবেষকরা বলছেন, একই জমিতে অধিক ফসল ফলানোতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হচ্ছে বটে, কিন্তু মাটির জৈব উপাদান আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর ফলে মাটির উর্বরতা যেমন কমছে তেমনি ক্রমাগতভাবে মাটির পুষ্টি কমছে দিনের পর দিন। বৃদ্ধি পাচ্ছে উর্বরতার হুমকি। এভাবেই যদি চলতে থাকে তাহলে একটা সময়ে গিয়ে ফসল উৎপাদনের হার কমে আসবে বলে মনে করছেন মৃত্তিকা বিজ্ঞানীরা।