বগুড়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
বগুড়ার ধুনটে আল আমিন (২৪) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল আমিন ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে ও পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ধুনট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পেছনে চড়ে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল আমিন। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি পাকা সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে আল আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত আবু হানিফকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আল আমিন নামে এক যুবকের মরদেহ মর্গে রয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।