এবার অস্ট্রেলিয়ায় আগন্তুক

New to Australia this time
অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৪ ০৩:৪৫ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৭ আগস্ট ২০২৪ ০৩:৪৫ পূর্বাহ্ন
এবার অস্ট্রেলিয়ায় আগন্তুক
......সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র আগন্তুক (দ্য স্ট্রেঞ্জার)। বিপ্লব সরকারের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার। উপমহাদেশের সাম্প্রতিক চলচ্চিত্রগুলো নিয়ে ১৫—২৫ আগস্ট আয়োজিত হচ্ছে এই জমজমাট উৎসবের ১৫তম আসর। 

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন মাজাহারুল রাজু, শিল্প নির্দেশনায় প্রতিথযশা শিল্পী ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়। সাউন্ড ডিজাইন করেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনায় শঙ্খজিত বিশ্বাস ও বিপ্লব সরকার। চলচ্চিত্রটি ২০১৯-২০২০ সালে বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে। এটি বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 


এর আগে এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে আগন্তুকের (দ্য স্ট্রেঞ্জার) ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ২০২২ সালে এটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফিল্ম বাজারের ভিউয়িং রুমের রিকমেন্ডস বিভাগে পোস্ট-প্রোডাকশন স্টেজের সেরা চলচ্চিত্র হিসেবে প্রসাদ ল্যাব ডিআই এবং মুভিবাফ অ্যাপ্রিসিয়েশন পুরস্কার জিতে নেয়। 

আন্তর্জাতিক সমালোচকরা আগন্তুক চলচ্চিত্রটির ভূঁয়সী প্রশংসা করেন। ভ্যারাইটির প্রখ্যাত সমালোচক জেসিকা কিয়াং আগন্তুক নিয়ে তার রিভিউতে লিখেন, আগন্তুক চলচ্চিত্র মাধ্যমের এক অদ্ভূত রহস্যের উদাহরণ তৈরি করে। কিছু ক্ষেত্রে, যেমন বিপ্লব সরকার দেখিয়েছে, এটি গুণে পরিণত হয় যা দৃশ্যকাব্যকে আরও বেশি মেদহীন, যতটুকু ক্ষুদ্র হতে পারা যায়, করে তুলে যতক্ষণ না তা আমাদের দৃষ্টিসীমাকে পূর্ণতা দেয়। 


আগন্তুক চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে আসলে শুরু হয় টানাপোড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বান্দ্বিকতা খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে আগন্তুক চলচ্চিত্রে। এ প্রসঙ্গে প্রতিথযশা অভিনেত্রী ফেরদৌসী মজুমদার বলেন, আগন্তুক অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। খুবই সময়োপযোগী গল্প এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।