মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার কাছে পাওয়া গেলো ইয়াবা!

Narcotics Control Directorate Officer
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ আগস্ট ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ আগস্ট ২০২৪ ০৯:৪৮ পূর্বাহ্ন
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তার কাছে পাওয়া গেলো ইয়াবা!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের এক সহকারী উপ-পরিদর্শক ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা সহ বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু-মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করেন বিজিবি সদস্যরা। 

গ্রেপ্তার মো. আমজাদ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।

রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামানো হয়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে রোববার সকালে ইয়াবা সহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।  

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আমজাদ মূলত টেকনাফ থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, অবগত হয়ে বিষয়টি উপর মহলে জানিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।