বাগেরহাটে সাংবাদিককে ছুরিকাঘাত, আইসিউতে ভর্তি

Journalist stabbed
অনলাইন ডেস্ক : ১৮ আগস্ট ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৮ আগস্ট ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ন
বাগেরহাটে সাংবাদিককে ছুরিকাঘাত, আইসিউতে ভর্তি
বাগেরহাটে আরিফ নামের এক সংবাদকর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। .....সংগৃহীত ছবি

বাগেরহাটে আরিফ ঢালী নামের স্থানীয় এক সংবাদকর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় সদরের চুলকাঠি বাজারে এই ঘটনা ঘটে। আহত আরিফ ঢালী বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরিফ ঢালী বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের আশ্বাব ঢালীর ছেলে। তিনি চুলকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার সিএন্ডবি প্রতিনিধি।

আহত আরিফের বাবা আশ্বাব ঢালী বলেন, গত কয়েক দিন ধরে সিএন্ডবি বাজার এলাকার বাসিন্দা বিএনপি নেতা পরিচয় দেওয়া সাইফুজ্জামান বাবু ও তার লোকজন চুলকাঠি বাজারের সুগন্ধি এলাকার ব্যবসায়ীদের ওপর নানা অত্যাচার করছেন। শনিবার সন্ধ্যায় সাইফুজ্জামান বাবুর ছেলে মাসুদ আমার ভাতিজা তন্ময়কে বেধড়ক মারধর করে। বিষয়টি জানতে পেরে আমার ছেলে আরিফসহ কয়েকজন বাজারে যাই। সাইফুজ্জামান বাবু ও তার লোকজনের সঙ্গে কথা হয়। কথা বলে ফিরে আসার সময় সাইফুজ্জামান বাবুর খালাতো ভাই রাজন, বাবুর ছেলে মাসুদসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। তারা আমাদের মারধর করে এবং আরিফকে ছুরিকাঘাত করে। হামলাকারীরা আরিফের মোটরসাইকেলও ভেঙে ফেলেছে। পরে আমরা আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, আমার ছেলের অবস্থা ভালো না। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রয়েছে। সাইফুজ্জামান বাবু, তার ছেলে ও ভাই আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে। আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুজ্জামান বাবু বলেন, আরিফ ও তার বাবাসহ কয়েকজন বাজারে এসেছিল। তখন হয়ত ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করেছে।

বিএনপির কোন পদে আছেন জানতে চাইলে সাইফুজ্জামান বাবু বলেন, আপনাকে পদ বলব কেন? আর আরিফ ও তার বাবার ওপর আমরা হামলা করিনি।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে গতকাল রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।