শ্রীলঙ্কাকে অনায়াসেই হারিয়ে সেমিতে বাংলাদেশ
সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে রবিবার থেকে। ভেন্যু নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্স। দুই গ্রুপে অংশ নিচ্ছে ৬ দেশ। গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ও নেপাল। গ্রুপ ‘বি’তে ভারত, মালদ্বীপ ও ভুটান।
মঙ্গলবার বাংলাদেশ খেলেছে তাদের প্রথম গ্রুপ ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে অনায়াসেই ২-০ গোলে হারিয়ে তারা করেছে শুভসূচনা। জয়ী দলের মিরাজুল ইসলাম ১৭ মিনিটে এবং পিয়াস আহমেদ নোভা ৮৫ মিনিটে ১টি করে গোল করেন। আগামী ২২ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ খেলবে লাল-সবুজ বাহিনী।
আজকের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পরের ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেই গ্রুপসেরা হয়ে সেমিতে যাবে তারা। নেপালও তাদের প্রথম ম্যাচে ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। তাদের চেয়ে এক গোল বেশি করায় বাংলাদেশই এখন গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। টানা দুই ম্যাচ হেরে শুন্য পয়েন্টধারী শ্রীলঙ্কা টুর্নামেন্টে থেকে বিদায় নিয়েছে।