রাষ্ট্র সংস্কারে আদিবাসীদের অধিকারগুলোর অন্তর্ভূক্তি নিশ্চিত করতে হবে

Inclusion of indigenous rights in state reforms should be ensured
অনলাইন ডেস্ক ২১ আগস্ট ২০২৪ ০৭:৫২ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২১ আগস্ট ২০২৪ ০৭:৫২ পূর্বাহ্ন
রাষ্ট্র সংস্কারে আদিবাসীদের অধিকারগুলোর অন্তর্ভূক্তি নিশ্চিত করতে হবে
রাষ্ট্র সংস্কারে আদিবাসীদের অধিকারগুলোর অন্তর্ভূক্তি নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৪ উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যৌথভাবে এর আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটি, আদিবাসী যুব পরিষদ ও জনউদ্যোগ। এবারের আদিবাসী দিবসের প্রতিপাদ্য ছিল, “আদিবাসীদের অস্তিত্ব সংরক্ষণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে অধিকতর সামিল করুন।”

বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের ফোক সেন্টারে আয়োজিত এ আলোচনাসভায় জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিংয়ের সভাপতিত্বে ধারণাপত্র পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নিরলা মার্ডী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক পাভেল পার্থ, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য ও কৃষক নেতা মানবেন্দ্র দেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য সচিব তারিক হোসেন মিঠুল, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বৃহত্তর ঢাকা কমিটির সাধারণ সম্পাদক বিভূতী ভূষণ মাহাতো, কেন্দ্রীয় সদস্য বিশুরাম মুর্মু, বৃহত্তর ঢাকা কমিটির সহ-সভাপতি রত্নেশ্বর এক্কা, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান, সান্তাল স্টুডেন্টস ইউনিয়নের সাবেক সভাপতি সুবোধ এম বাস্কে, জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকার সদস্য শান্ত সরেন, চা-বাগান অঞ্চলের বরুন মুন্ডা প্রমূখ।

 সভায় বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি রক্ষায় ভূমি কমিশনসহ কার্যকরী উদ্যোগ গ্রহণ, আদিবাসীদের উপর সংঘটিত অন্যায় অত্যাচার নির্যাতন, নিপীড়ণের সুষ্ঠু বিচার, হাইকোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য কোটার পূনর্বিন্যাস করে ৫% কোটা নির্ধারণ, চা-শ্রমিকসহ আদিবাসী নারী শ্রমিকেদের মজুরি বৈষ্যম্য দূর করার দাবি জানান বক্তারা। বর্তমানে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় যেন আদিবাসীদের অধিকারগুলোর অন্তর্ভূক্তি নিশ্চিত করা হয় সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ।

 লেখক ও গবেষক পাভেল পার্থ সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ এনে বলেন, “নেতৃস্থানীয়রা এই আন্দোলনকে একটি নির্দিষ্ট দাবির মুখে দাঁড় করিয়েছে। ধারাবাহিকভাবে এই আন্দোলন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে লড়েছে। প্রচুরসংখ্যক মায়েদের রাস্তায় নেমে আসা এই আন্দোলনকে বেগবান করে। সুসং দুর্গাপুরে কুমুদিনী হাজংকে যখন ব্রিটিশ পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তখন রাশিমনি হাজং ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে রীতিমতো অভ্যুত্থান ঘটিয়ে ফেলেন। তেভাগা আন্দোলন, হুল বা সাঁওতাল বিদ্রোহেও অধিকতর নারীর অংশগ্রহণের ফলেই কর্তৃত্ববাদ চ্যালেঞ্জের মুখে পড়ে।”

তিনি আরও বলেন, “সংস্কার যখন রাষ্ট্রে হবে তখন সংবিধান, বিচার ব্যবস্থা সর্বত্র সেই সংস্কারের প্রতিফলন থাকতে হবে। সংবিধানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো শব্দ কেটে আদিবাসী শব্দটা লিখতে হবে। এই আন্দোলন মওলানা ভাসানীর বক্তব্যকে সামনে নিয়ে এসেছে। মনে করিয়ে দিয়েছে রাষ্ট্রের ধর্মীয়করণ সম্ভব নয়।” এই গবেষক বলেন, “জনপরিসরে ছাত্র-জনতার ভেতর একটি ভুল ধারণা রয়েছে। ‘আদিবাসী’ শব্দটির সঙ্গে ‘আদিবাসিন্দা’ শব্দটিকে গুলিয়ে ফেলা হয়েছে। বন্ধুদের সঙ্গে এই আলোচনাও করা দরকার।”

মানবেন্দ্র দেব বলেন, “লড়াই ছাড়া দাবি আদায় কিংবা অস্তিত্ব সংরক্ষণ হবে না। লিটন হেমব্রমের মতো শহিদের অবদানকে সামনে এনে আমাদের লড়াই জারি রাখতে হবে।”

পল্লব চাকমা বলেন, “ভয়ের সংস্কৃতির অবসান হয়েছে। সম্প্রতি রাঙ্গামাটিতে আদিবাসীরা বড় বিক্ষোভে সামিল হয়েছেন। পাহাড় ও আদিবাসী নিয়ে সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। যা দুঃখজনক। পাহাড়-সমতল আমরা যত বেশি একত্রিত হতে পারব, তত আমাদের দাবি জোরালো হবে। আমাদের দাবির কথা অন্য কেউ বলে দিলে তা বিকৃত হবে। 'আদিবাসী' শব্দটা জোরেশোরে উচ্চারণ করতে হবে।”

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী তরুণ ও ছাত্র প্রতিনিধিরা সভায় অংশ নেন।