সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটকদের উদ্ধার করল সেনাবাহিনী

Rescue of 260 tourists
অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট ২০২৪ ০৩:১৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৪ আগস্ট ২০২৪ ০৩:১৭ পূর্বাহ্ন
সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটকদের উদ্ধার করল সেনাবাহিনী
সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।......সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে অতিবৃষ্টির কারণে ও ঢলের পানিতে ডুবে যাওয়া বাঘাইহাট-সাজেক সড়কের তিনটি স্থান ডুবে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৩ আগস্ট) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় সড়কে যান চলাচলের উপযোগী করা হয়। পরে সেখানে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহনে করে নিরাপদে সরিয়ে আনে সেনাবাহিনী।

এর আগে, বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া, এবং মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়। এছাড়া বৃহস্পতিবার (২২ আগস্ট) বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমিধসে সাজেক যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ২১ ও ২২ আগস্ট সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।

এছাড়া রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করেছে।