হামজা এখন বাংলাদেশী, খেলবেন নভেম্বরে

football
বিজয় বাংলা ২৪ আগস্ট ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন খেলা
বিজয় বাংলা ২৪ আগস্ট ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ন
হামজা এখন বাংলাদেশী, খেলবেন নভেম্বরে

বিশ্বের অনেক ফুটবল দেশই নিজেদের শক্তিমত্তা বাড়াতে বাইরের দেশের দক্ষ ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে (ফিফার নানা শর্ত মেনে) তাদের জাতীয় দলে অন্তর্ভূক্ত করে। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেনসহ অনেক দেশকেই এক্ষেত্রে উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায়। বাংলাদেশও চেষ্টা করছে এই পথে হাঁটার, তবে একটু ভিন্নভাবে। তারা চাইছে বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে নিতে। এ পর্যন্ত এমন দুজনকে তারা দলে নিয়েছে। ২০১৩ সালে ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া এবং ২০২১ সালে ফিনল্যান্ড থেকে তারিক রায়হান কাজীকে। এই তালিকায় যোগ হতে যাচ্ছে এমন আরও একজনের নাম, স্বনামেই বিশ্বজুড়ে পরিচিত। তিনি হামজা চৌধুরী। 

২৬ বছর বয়সী হামজার নামটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে নানা জটিলতায় সেটা বার বার পিছিয়ে যাচ্ছিল। অবশেষে সেটার অবসান ঘটেছে। বাফুফে ঘোষণা দিয়েছে ইংলিশ ফুটবল লিগের তারকা হামজা চৌধুরীও লাল-সবুজ জার্সি পড়ে খেলবেন খুব শিগগীরই। ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। এ নিয়ে গত কয়েকমাস ধরেই বাফুফে হামজার সঙ্গে  যোগাযোগ করে কাজ করে যাচ্ছিল।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেলেই সেটা আমরা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে পাঠাবো। তারাই চুড়ান্ত অনুমোদন দেবে হামজার খেলার ব্যপারে। আমরা আশাবাদী। তারিক কাজী, জামাল ভূইয়ার থেকে একটু জটিল যদিও তার ব্যপারটা। তবু আমরা আশাবাদী। কারণ এ রকম কিছু উদাহরণ আছে।’ শনিবার এমনটাই বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় দলের কোচ জাভিয়ের ক্যাবরেরাও হামজাকে স্বাগত জানাতে তৈরি, ‘তার মানের একজন খেলোয়াড় আমাদের দলের জন্য বড় পাওয়া হবে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও আমাদের ফুটবলারদের গাইড করতে পারবে সে তার সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা দিয়ে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরেই বাংলাদেশ দলের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে লিস্টার সিটিতে খেলা হামজার। ২৬ বছর বয়সী হামজার পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। মা বাংলাদেশী হলেও বাবা গ্রেনাডিয়ান। তার পরিবারের সদস্যরা সিলেটের বাসিন্দা। সে হিসেবে বাংলাদেশের সঙ্গে একটা রক্তের বন্ধন আছে তার। সেই বন্ধন ভুলে যাননি বলেই ইংল্যান্ডের মতো দল ছেড়ে খেলতে চান লাল-সবুজের জার্সি গায়ে।