আগুনে পুড়ল ১৫ ঝুট গোডাউন,৭টি ইউনিট নিয়ন্ত্রণে

15 godowns burnt down
অনলাইন ডেস্ক : ২৫ আগস্ট ২০২৪ ০১:১৫ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৫ আগস্ট ২০২৪ ০১:১৫ পূর্বাহ্ন
আগুনে পুড়ল  ১৫ ঝুট গোডাউন,৭টি ইউনিট নিয়ন্ত্রণে
আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে যায় ঝুটের গোডাউন।......সংগৃহীত ছবি

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ১৫টি ঝুটের গোডাউন। আশুলিয়ার এনায়েতপুর এলাকায় শনিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে এই ভয়াবহ আগুনের সূচনা হয়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা পুড়ে ছাই করেছে গোডাউনগুলোতে থাকা ঝুটের বস্তাগুলো।

পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত রায়।

তিনি জানান, রাত ১১টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় মোট ১৫টি ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ৩ ইউনিট, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও ধামরাই ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলে প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।