ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

ভুটান পৌঁছেছে ক্যাবরেরা বাহিনী

football
অনলাইন ডেস্ক : ৩০ আগস্ট ২০২৪ ০৮:৫৫ পূর্বাহ্ন খেলা
অনলাইন ডেস্ক : ৩০ আগস্ট ২০২৪ ০৮:৫৫ পূর্বাহ্ন
ভুটান পৌঁছেছে ক্যাবরেরা বাহিনী
বিমানযোগে ঢাকা থেকে নিরাপদেই থিম্পু পৌছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।......সংগৃহীত ছবি

আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল থিম্পুতে ভুটান জাতীয় ফুটবল দলের সাথে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শুক্রবার  বিমানযোগে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে নিরাপদেই সে দেশে পৌঁছেছে।

২৮ আগস্ট সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ (প্রথমবারের মতো)। ২৯ আগস্ট নেপাল থেকে দেশে ফেরে তারা। তার পরদিনই সিনিয়র দলের সঙ্গে ভুটানগামী বিমানে চেপে বসেছেন অনুর্ধ-২০ দলের চার ফুটবলার। তারাও ডাক পেয়েছেন জাভিয়ের ক্যাবরেরার জাতীয় দলেও। 

ভুটানে দুটি প্রীতি ম্যাচের দলে কোচ ক্যাবরেরা ডেকেছেন অনুর্ধ-২০ সাফের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাকে। মিরাজের মতোই প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন অনুর্ধ-২০ দলের লেফট ব্যাক শাকিল আহাদ তপু। এই দল থেকে সিনিয়র দলে ঠাঁই পেয়েছেন আরও দুজন। এরা হলেন : মিডফিল্ডার চন্দন রায় ও রাব্বি হোসেন।

চন্দন ও রাব্বি অবশ্য এর আগেও সিনিয়র দলে ডাক পেয়েছিলেন। ব্রাদার্স ইউনিয়ন থেকে রাব্বি এই মৌসুমে বসুন্ধরা কিংসে ফিরেছেন। ক্যাবরেরার ডাকা প্রাথমিক ১৪ জনের দল থেকে বাদ পড়েছেন ৪ জন- কাজেম শাহ, জায়েদ আহমেদ, দিদারুল আলম ও আরমান ফয়সাল। তার আগে গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তারিক কাজী, রিমন হোসেন, সুশান্ত ত্রিপুরা ও রফিকুল ইসলাম, যারা এই দলে নেই। অনুর্ধ্ব-২০ সাফে চোট পাওয়া গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকেও থাকতে হচ্ছে বিশ্রামে।

ক্যাবরেরা ১৪ জনকে নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন। আংশিক দল ঘোসণা করেছিলেন গত ২৪ আগস্ট। অনুর্ধ-২০ দল এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ছিলেন এর বাইরে। বৃহস্পতিবার রাতে ভুটানগামী ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন তিনি। 

জাতীয় দলের স্কোয়াডে রাব্বিসহ কিংসের সর্বাধিক ১১ খেলোয়াড় স্থান পেয়েছেন। এবারের মৌসুমে কোনো দল না পাওয়া অধিনায়ক জামাল ভুঁইয়াও আছেন ক্যাবরেরার এই দলে।

বাংলাদেশ স্কোয়াড : গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন; ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ তপু; মিডফিল্ডার : সোহেল রানা, মো. হৃদয়, জামাল ভুঁইয়া, মো. সোহেল রানা, মিরাজুল ইসলাম, চন্দন রায়, মজিবুর রহমান জনি; ফরোয়ার্ড : রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, শাহরিয়ার ইমন ও রাব্বি হোসেন।