নোনাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই
কক্সবাজারের মহেশখালী কালারমারছড়ার নোনাছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান পুড়ে গেছে। এতে আহত হয়েছেন দুইজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার ভোররাতে আকষ্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে, আগুন নেভাতে এগিয়ে আসে স্থানীয়রা। আগুনের তীব্রতা বেশি থাকায় সারিবদ্ধ ১২টি দোকান একেবারে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মুদির দোকানের গোডাউনের মালিক মোজাম্মেল বলেন 'জীবনের সব পুঁজি দিয়ে গড়ে তোলা শেষ সম্বল ছিলো এই দোকান। প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল সব পুড়ে গেছে। এখন নিঃস্ব হয়ে গেছি আমি।
দোকান মালিক আবুল হোসেন বলেন, আমাদের সব পুড়ে ছারখার হয়ে গেছে। ফায়ারসার্ভিস কে ফোন করলে তারা ঘটনাস্থলে আসে প্রায় এক ঘন্টা পর ততক্ষণে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তার দোকানে প্রায় কোটি টাকার মালামাল ছিলো বলে জানান আবুল হোসেন।
এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তবে ফায়ারসার্ভিসের পক্ষে থেকে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা হয়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীকি মারমা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থলে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।