বদলগাছীতে সাড়ে ২৭কেজি গাঁজাসহ নারী মাদক বিক্রেতা আটক; স্বামী পলাতক
নওগাঁর বদলগাছীতে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ কুলসুম (৩৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ২৯ আগষ্ট রাত সাড়ে ৭টার দিকে বদলগাছী উপজেলার লক্ষীকোল বুজরুক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বামী আব্দুল জলিল পালিয়ে যায়।
শুক্রবার ৩০ আগষ্ট সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আটক কুলসুম(৩৫) ও তার পলাতক স্বামী জলিল বদলগাছীর মথরাপুর ইউপির লক্ষীকোল বুজরুক গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতের স্বামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করতো। এরপর স্ত্রী কুলসুম এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার মথরাপুর ইউপির লক্ষীকোল বুজরুক গ্রামে অভিযান চালায় র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল। অভিযানে একটি কলা বাগানের ভিতর মাটির নিচে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করে রেখেছিল। এসময় কুলসুমকে আটক করা হয় এবং তার স্বামী জলিল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে কুলসুম এর দখলে থাকা অবৈধ মাদক সাড়ে সাতাশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।