ফারুকী

মেরুদণ্ড শীতল করা তথ্য বের হয়ে আসছে

Mustafa Sarayer Faruqi
অনলাইন ডেস্ক : ৩১ আগস্ট ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ৩১ আগস্ট ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন
মেরুদণ্ড শীতল করা তথ্য বের হয়ে আসছে
...... সংগৃহীত ছবি

ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক লাশ। মাথায় হেলমেট বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত-পা-মাথা....সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক মিনিট ১৪ সেকেন্ডের গা শিউরে ওঠা এমনই এক ভিডিও।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। এদিন সরকার পতনের আগমূহুর্তে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয়। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতে কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

প্রায় ২৫ দিন বাদে এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে রীতিমতো শিউরে উঠছেন সকলে। তাদেরই একজন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

ভিডিওটি দেখে শনিবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। যেখানে এই পরিচালক লিখেছেন, ‘মেরুদণ্ড শীতল করে দেয়া যেসব ডিটেইল বের হয়ে আসছে ধীরে ধীরে তাতে স্তব্ধ হয়ে যেতে হয়।’

এই নির্মাতা লেখেন, ‘যে সরকারের শপথ ছিল নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, সে সরকারই যদি ক্ষমতার জন্য লাশের স্তুপের উপর বসে নৃত্য করে, এর চেয়ে ভয়ংকর আর কি হইতে পারে? ভ্যানের ওগুলা যেনো মানুষের লাশ না, এক দলা মাংসপিণ্ড যেগুলা কোথাও বিলং করে না, কারো ভাই হয় না, সন্তান হয় না। যেনো তাদের অপেক্ষায় কোনো বাড়ীতে কেউ বসে নাই। কি বিভৎস ক্ষমতার এই লোভ!’

ফারুকীর সেই পোস্ট শেয়ার করে ভক্তরাও অপরাধীদের বিচার চেয়েছেন। যে সকল পুলিশ সদস্য এমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন।