তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা
বিএনপির নেতাকর্মীরা আড়াই মাস পর রাজধানীর নয়া পল্টনে থাকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা পল্টন কার্যালয়ে যান।
জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মীসহ অফিস স্টাফরা কার্যালয়ে প্রবেশ করেন।
এসময় রিজভী বলেন, ‘আমাদের যুবদলের একজন নেতা ও একজন প্রবীণ সাংবাদিক হত্যার মধ্য দিয়ে এক ভয়াবহ নিপীড়নের তাণ্ডব শুরু হয়। গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করে পুলিশ এক নারকীয় তাণ্ডব চালিয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। এই দুই মাসের অধিক সময় পুলিশ কাউকে এখানে ঢুকতে দেয়নি এবং আশপাশে ভিড়লেও তাদেরকেও আটক করে নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘পুলিশ এই কার্যালয়ের চাবি নিয়ে যায়। কত নাটক করেছে। তারপরে গেইট বন্ধ করে দিয়ে চলে যায়। সবই গণমাধ্যমের সাংবাদিকরা দেখেছেন… জানেন। আমরা আমাদের প্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে এখন ঢুকেছি। পুলিশের কাছে চাবি চাওয়ার পরেও আমাদেরকে চাবি দেওয়া হয়নি। পরে আমরা তালা ভেঙে এই কার্যালয়ে প্রবেশ করি।’
তিনি আরো বলেন, ‘দেশের একটি নিয়মতান্ত্রিক কার্যকর রাজনৈতিক দল বিএনপি। এই দল বার বার রাষ্ট্র পরিচালনা করেছে অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে। সেই দলের প্রধান কার্যালয় একটি মাফিয়া সরকার বন্ধ করে রেখেছে। আপনারা দেখেছেন পুরো কার্যালয়ে কি ভয়ংকর ধুলোবালি জমেছে। বিকেল ৩টায় আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা এই কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। ওই দিন থেকেই তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।