কক্সবাজারে আল্লামা মামুনুল হক

'আগামী ১শ' বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নাম মুখে নিবে না'

Allama Mamunul Haque
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৭ অপরাহ্ন রাজনীতি
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৭ অপরাহ্ন
'আগামী ১শ' বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নাম মুখে নিবে না'
বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক) এর আমির আল্লামা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিস (রিক্সা প্রতীক) এর আমির আল্লামা মামুনুল হক বলেছেন, এদেশের মানুষ অনেক ধরনের বাংলাদেশ দেখেছে। এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই। শেখ হাসিনা এদেশে যা করে গেছেন আমার মনে হয় আগামী ১শ' বছরেও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নাম মুখে নিবে না।

তিনি বলেন, এই জনপদের (কক্সবাজারের) জনপ্রিয় নেতা সালাহউদ্দিন আহমদ গুমের শিকার হয়েছিলেন। ষড়যন্ত্র, বিভাজনের রাজনীতি করে গেছে আওয়ামী লীগ। এখন আবার ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে। কোনদিন এই ষড়যন্ত্র সফল হতে দিবে না জাতি। 

তিনি আরও বলেন, অন্তবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ শেখ হাসিনা এবং তার খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কক্সবাজারের এই সমাবেশ থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধের দাবি জানাই।

১৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে 'ঐতিহাসিক শাপলা চত্বর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার, জুলাই-আগষ্ট বিপ্লবের ঘোষণাপত্রে আলেম সমাজের অবদানের স্বীকৃতি ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে' বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা আলী উসমান, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীর, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক, সাবেক সাংসদ আলহাজ্ব লুৎফর রহমান কাজল, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও মাওলানা ইয়াসিন হাবিব প্রমুখ।

সমাবেশ পরিচালনায় ছিলেন সংগঠনের কক্সবাজার জেলা সাধারণ জেএইচএম ইউনুস। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রহিম উল্লাহ।