নিজেদের বানানো শহীদ মিনার ভরে গেলো ফুলে ফুলে

International Mother Language and National Martyrs Day
নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২১ অপরাহ্ন
নিজেদের বানানো শহীদ মিনার ভরে গেলো ফুলে ফুলে
নিজেদের বানানো শহীদ মিনার ভরে গেলো ফুলে ফুলে

প্রভাতফেরী শেষে নিজেদের বানানো ও আলপনায় রাঙানো শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উদযাপিত হয়েছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যারয়ের শিক্ষার্থীরা এক সপ্তাহ আগে থেকেই দূর থেকে মাটি নিয়ে এসে শহিদ মিনারের বেদী তৈরি করে। বাঁশ-কঞ্চি দিয়ে শহীদ মিনার তৈরি করে। বিদ্যালয়ের মাটির দেয়াল লেপে-পুছে ঝকঝকে তকতকে করে তোলে। এরপর মাটির দেয়াল ও শহিদ মিনারের বেদীতে আলপনা আঁকে শিক্ষার্থীরা। শেষে শহীদ মিনারটি ফুল দিয়ে সাজিয়ে তোলে। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নিজেরাই তৈরি করে ফুলের ডালা।


২১ তারিখ সকালবেলা হাতে হাতে বুনো ফুল নিয়ে বরেন্দ্রভুমি উঁচুনিচু জমির আলপথ বেয়ে বিদ্যালয়ের মাঠে এসে জড়ো হয় সকল শিক্ষার্থীরা। গ্রামবাসীদের সঙ্গে নিয়ে অংশ নেয় প্রভাতফেরিতে। এসময় ‘ইংরেন বয়হাওয়া:ঃ ম্যয়মতে রাঙ্গওয়াঃ একুশনাঃ ফেবওয়ারী, ইং কি আত হিরিইং....’ অর্থাৎ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি.....’ কোল ও বাংলা ভাষায় একুশের গানটি সকলে গেয়ে হাঁটতে থাকে। প্রভাতফেরির পর নিজেদের বানানো শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে সকলে। পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় বিদ্যালয়, প্রথম আলো বন্ধুসভা ও গোদাগাড়ী উপজেলা স্কাউটসের পক্ষ থেকে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডু, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দীন, গ্রাম্য মোড়ল মাধব কোল সরেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, শিক্ষার্থী শিমন্ত টুডু। ছড়া ও কবিতা আবৃত্তি করে শিক্ষার্থী তাহারিমা খাতুন ও সীমা খাতুন। কোল মাতৃভাষায় নাচ-গান পরিবেশন করে বিদ্যালয়ের কোল সাংস্কৃতিক দল।

শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চিত্রাংকন এবং ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।


গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডু বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর প্রতিবছরই আমি এ অনুষ্ঠানে আসি। সব অনুষ্ঠান থেকে এটাকে আমার আলাদা মনে হয়। সবচেয়ে বেশি ভালো লাগে। আমার কোল ভাষায় গান হয়, নাচ হয়। দেখে মন ভরে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর জানান, দিনটি উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে থাকে প্রস্তুতি। বিদ্যালয়ের মাটির ঘরগুলো লেপেপুছে ঝকঝকে-তকতকে করা হয়। তাতে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকে শিক্ষার্থীরা। অন্যদিকে প্রায় এক কিলোমিটার দূর থেকে শহিদ মিনারের বেদী তৈরির জন্য মাটি নিয়ে আসে শিক্ষার্থীরা। এরপর বাঁশ-কঞ্চি ও ফুল দিয়ে নির্মাণ করা হয় শহিদ মিনার। বেদীতে আলপনা আঁকে শিক্ষার্থীরা। এছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের। অনুষ্ঠানে অংশ নেয় গ্রামের নারী-পুরুষ, প্রাক্তন শিক্ষার্থীসহ অতিথিরা।