প্রাণিসম্পদমন্ত্রী

ন্যায্যমূল্যে বিক্রি হবে মাছ-মাংস

Fish and meat will be sold at a fair price
অনলাইন ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৪ ০৮:০১ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৪ ০৮:০১ পূর্বাহ্ন
ন্যায্যমূল্যে বিক্রি হবে মাছ-মাংস
আব্দুর রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস এবং ডিমও ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বুধবার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে ন্যায্যমূল্যে চাল-ডালের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস এবং ডিমও ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

আব্দুর রহমান বলেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন। সব পণ্যই উৎপাদন এবং মজুত পরিস্থিতি স্বাভাবিক। এরপরও দাম বেশি কেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। মাংস, ডিম এবং মাছের মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, রমজান সামনে রেখে ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। রমজানের কয়েকদিন আগে থেকেই এ কার্যক্রম শুরু হবে। বস্তি এলাকা এবং কিছুটা দরিদ্রপ্রবণ এলাকায় এ কার্যক্রম চলবে।

তিনি বলেন, কোথায় কীভাবে কারসাজি হয়, সেটি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে জনসচেতনতাও বাড়াতে হবে।

আব্দুর রহমান বলেন, গরু, ছাগল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এতে সীমান্ত পথে দেশে এগুলোর প্রবেশ কমেছে। ফলে সীমান্ত হত্যাও কমেছে।