পূণর্বহাল হয়েই অথরাইজড অফিসার হতে মরিয়া আরডিএর প্রকৌশলী
দুর্নীতির মামলায় কারাগারে গিয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। হাইকোর্টে বরখাস্তের আদেশ স্থগিত করে এসেছেন। এরপর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী পদে পুণর্বহাল হয়েছেন শেখ কামরুজ্জামান। এখন তিনি সংস্থার অথরাইজড অফিসার হতে মরিয়া হয়ে উঠেছেন। এই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলা এখন চলমান।
কারাগারে যাওয়ার আগে তিনি নগরের তালাইমারি মোড়ে আরডিএর বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন। ওই প্রকল্পেও ব্যাপক লুটপাটের অভিযোগ রয়েছে। তিনি আবার পুণর্বহাল হওয়ায় আরডিএ’র কর্মকর্তা-কর্মচারিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, পূণর্বহাল হওয়ার পর শেখ কামরুজ্জামান আরডিএর অথরাইজড অফিসারের পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন মাধ্যমে তিনি এ ব্যাপারে তদবির শুরু করেছেন।
কামরুজ্জামানকে পূর্ণবহালের ব্যাপারে জানতে চাইলে আরডিএর চেয়ারম্যান এসএম তুহিনুর আলম জানান, যে স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল উচ্চ আদালত সেই স্মারকের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন। তবে তারা এই স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য ইতিমধ্যে আইনজীবী নিয়োগ করেছেন। দ্রুত আপিল করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম-সচিব) এসএম তুহিনুর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত হওয়া সহকারি প্রকৌশলী শেখ কামরুজ্জামানের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে তাকে পূণর্বহাল করেন। এর আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আরডিএর সাবেক চেয়ারম্যান (যুগ্ম-সচিব) মো. জিয়াউল হক সহকারি প্রকৌশলী শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের দায়ের করা দু’টি মামলায় প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০৪ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন শেখ কামরুজ্জামান। আদালতে দুর্নীতি দমন কমিশনের দাখিলকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তার নিয়োগেই ব্যাপক দুর্নীতি হয়। সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষায় শেখ কামরুজ্জামান অকৃতকার্য হন। আরডিএর তৎকালীন চেয়ারম্যান আব্দুল মান্নানসহ নিয়োগ কমিটি দুর্নীতি করার জন্য লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করেন। পরে সরকারি নিয়োগ বিধিমালা লঙ্ঘন করে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়। এভাবে তিনি নিয়োগ পান।
বিতর্কিত এই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে বঞ্চিত প্রার্থীরা দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। অনুসন্ধানের পর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুল করিম ২০১১ সালের ১৭ জুলাই শেখ কামরুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে দুদকের উপ-পরিচালক ফরিদুর রহমান ২০১৮ সালের ১৪ জানুয়ারি শেখ কামরুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতে উপস্থিত হয়ে কামরুজ্জামান জামিন গ্রহণ করেন। মামলাটি বর্তমানে বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন।
অন্যদিকে শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ হলে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আমির হোসাইন অনুসন্ধান শেষে ২০২২ সালের ১ জুন ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে মানি লণ্ডারিং আইনে একটি মামলা করেন। একই দিনে ৬০ লাখ ৬২ হাজার ১১৮ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে দুদক শেখ কামরুজ্জামানের স্ত্রী নিশাত তামান্নার বিরুদ্ধেও পৃথক আরেকটি মামলা করেন। তদন্ত শেষে দুদকের এই কর্মকর্তা ২০২৩ সালের ২৮ আগষ্ট শেখ কামরুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে রাজশাহী মহানগর স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর জামিন নিতে গেলে আদালতের বিচারক, শেখ কামরুজ্জামান ও তার স্ত্রী নিশাত তামান্নাকে কারাগারে পাঠান। প্রায় আড়াই মাস কারাগারে থেকে পরে জামিনে মুক্তি পান তারা। এরপরই সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী শেখ কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শেখ কামরুজ্জামানের দুটি দুর্নীতির মামলা বর্তমানে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলায় কামরুজ্জামান নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর কামরুজ্জামান বিভিন্ন মহলে নিজেকে মজলুম কর্মকর্তা দাবি করে জোর তদবির শুরু করেন। তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহারের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের ওপর অব্যাহতভাবে চাপ সৃষ্টি করেন। এমনকি আন্দোলনকারী শিক্ষার্থীদের কয়েকজনকে তিনি ভুল বুঝিয়ে আরডিএ ভবনে নিয়ে গিয়ে কর্মকর্তাদের ওপর চাপ তৈরি করেন তাকে পূণর্বহালের জন্য। কর্তৃপক্ষ তাতেও তাকে বহাল না করলে তিনি আইনি লড়াই শুরু করেন। হাইকোর্ট তার বরখাস্তের আদেশ স্থগিত করলে গত ৬ জানুয়ারি তিনি যোগ দেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি বলেন, ‘আমি উচ্চ আদালতের রায় নিয়ে পূণর্বহাল হয়েছি। দুর্নীতির অভিযোগ আদালতে এখনো প্রমাণিত হয়নি। ফলে আমি স্বপদে কাজ করছি।’ অথরাইজড অফিসার হওয়ার চেষ্টার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
কামরুজ্জামানের পূণর্বহাল হওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল বারী বলেন, শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের দুটি মামলা বিচারাধীন। তাকে পূণর্বহালের বিষয়টি জানা নেই। পুরো বিষয়টি জানার পর মতামত দিতে পারব।