সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর

Journalist's house attacked, vandalized
নিজস্ব প্রতিবেদক: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২০ অপরাহ্ন
সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর
জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা চালানো হয়েছে।

জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সকালে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হায়দার আলী দৈনিক ইনকিলাবের গোদাগাড়ী সংবাদদাতা। এছাড়া তিনি মহিষালবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হামলার ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও শিক্ষক ফায়েক আলী রুবেলের নেতৃত্বে বিএনপি নেতা নবাব আলী জুয়েল, মঞ্জুর রহমান ডালিম, জাহিদুল ইসলাম স্বজল, বশির আহমেদ, মিজানুর রহমান শুভ, সিয়ামসহ ২৫ থেকে ৩০ জন হায়দার আলীর বাড়িতে হামলা চালান। এদের মধ্যে ফায়েক আলী সাংবাদিক হায়দারের আপন ভাই।

হায়দার আলী বলেন,পরিকল্পিতভাবে তারা আমার বাসায় হামলা চালায়। হামলার সময় আমার ছেলের করা একটি ভিডিও রয়েছে। এছাড়া হামলার পরিকল্পনা করার হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশট আমার কাছে আছে। ঘটনার পর থেকে আমিও আমার পরিবার উদ্বিগ্ন।

অভিযুক্ত শিক্ষক ফয়েজ আলী রুবেল বলেন, দীর্ঘ ১৬ বছর থেকে ফ্যাসীবাদী সরকারের সহযোগিতায় হায়দার আলী আমাদের বন্টন না হওয়া জমির বেশিরভাগ অংশ দখল করে ছিলেন। দীর্ঘ সময় তার সাথে টানাপোড়েন চললেও তা সমাধান হয়নি। নিজে নিজে বাড়ি ভেঙে আমাদের দোষ দিচ্ছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। পুলিশ সরেজমিনে দেখে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।