রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

OC transferred after police station siege
নিজস্ব প্রতিবেদক: ০৫ মার্চ ২০২৫ ০৯:১৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৫ মার্চ ২০২৫ ০৯:১৩ অপরাহ্ন
রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে।....সংগৃহীত ছবি

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে স্বাক্ষর করেছেন। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন। তাদের অভিযোগ, তারা ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করা এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বোয়ালিয়া থানা পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখায়নি। ওই আসামিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়েছিল। ওই আসামি সেদিনই জামিন পেয়ে চলে আসেন।

বিক্ষুব্ধ লোকজন এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন। পাশাপাশি ওই অসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। রাতে পুলিশ অবশ্য তাকে আবার গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল। এর পরদিনই বোয়ালিয়া থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হলো।

রাতের ঘটনার প্রেক্ষিতেই এই বদলি কি না, জানতে চাইলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, আসলে বিষয়টা ঠিক ওই রকম না। প্রশাসনিক কারণে বদলিটা হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভাল কাজ করবেন, তাকে সেখানেই দেওয়া হয়।