সিপিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা
বাংলাদেশে কমিউনিস্ট পার্টির ( সিপিবি) ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পথসভা কর্মসূচি পালিত হয়েছে। নবাবগঞ্জসরকারি কলেজের সামনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সিপিবির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিপিবি, জেলা কমিটির সভাপতি ইসরাইল সেন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক আবু হাসিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
বক্তারা বলেন, সিপিবি সবসময় আম জনতার সাথে থাকে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আজ ভুলুন্ঠিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনমানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দরিদ্র মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। ৭১ এর মহান মুক্তিযুদ্ধের অর্জন যে ভাবে আওয়ামী লীগ ছিনতাই করেছে, সেই রুপে ২৪ গণঅভ্যুত্থানের অর্জনও ছিনতাই করার ষড়যন্ত্র চলছে। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আন্দোলনে নামতেও দ্বিধা করবেনা সিপিবি।