লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি

UP member shot by miscreants
অনলাইন ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি

নাটোরের লালপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. মোজাহার আলীকে (৪৫) প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার (৫৬) বলেন, ‘দুটি মোটরসাইকেলে ছয়জন এসে মোজাহার মেম্বারের বাড়ির সামনে থামেন। এ সময় তাঁকে সামনে পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তখন মোজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই। একটি মোটরসাইকেল ধরে ফেলার চেষ্টা করি, কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই।’

স্থানীয়রা জানায়, মোজাহার মেম্বারের চিৎকার শুনে এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে এলে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ফেলে রেখে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলি ছোড়ার কথা শুনেছি। তবে খোঁজাখুঁজি করেও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’