গ্রামজুড়ে আলুর পাঁপড় তৈরির কাজ চলছে

Making potato chips
অনলাইন ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন
গ্রামজুড়ে আলুর পাঁপড় তৈরির কাজ চলছে

অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম: এক গ্রামের শতাধিক পরিবার এখন পাঁপড় তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। গ্রামটিকে পাঁপড়ের গ্রাম বললে ভুল হবে না। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের হাটধুমা গ্রামে চলছে এই আলুর পাঁপড় তৈরির কাজ।

এ গ্রামের মানুষরা একটি বছরকে তিন ভাগে ভাগ করে নেয়। তারা আলুর মৌসুমে দুই থেকে তিন মাস পাঁপড়, আমের মৌসুমে দুই থেকে তিন মাস কাসুন্দি ও চালকুমড়ার মৌসুমে অর্থাৎ শীতকালে দুই থেকে তিন মাস কুমড়ো বরি তৈরি করে। হাটধুমা গ্রামের মানুষ কৃষি কাজসহ অন্যান্য কাজের পাশাপাশি এ তিন মৌসুমে পাঁপড়, কাসুন্দি ও কুমড়ো বরি তৈরি করে পরিবারে স্বচ্ছলতা ফিরে এনেছে।


সরেজমিন গিয়ে দেখা গেছে, এখন গ্রামের পথ ধরে চললে চোখে পড়ে কাগজের ওপর রোদে শুকানো হচ্ছে হাতে তৈরি করা আলুর পাঁপড়। পাঁপড় তৈরির করার জন্য প্রথমে সংগ্রহ করা আলুগুলো ধুয়ে টিনের তৈরি মেশিন দিয়ে পাতলা ভাবে কেটে নেওয়া হয়। এরপর ওই কাটা আলু সিদ্ধ করে রোদে শুকানো হচ্ছে। পাঁপড় তৈরি ও শুকানোর কাজে পুরুষেরা কিছুটা সাহায্য করলেও নারীরাই মূলত বেশির ভাগ কাজ করে। বছরজুড়েই আলুর পাঁপড়ের চাহিদা রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারী এসে পাঁপড়গুলো কিনে নিয়ে যায়।

ফেরদৌস রহমান বলেন, এ গ্রামের বেশি ভাগ মানুষ এখন পাঁপড় তৈরির কাজ করছে। তৈরি করা পাঁপড় বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়্। হাট থেকে আলু কিনে এনে কেটে তা সিদ্ধ করে রোদে শুকালেই পাঁপড় তৈরি হয়ে যায়। বগুড়া নাটোরসহ বিভিন্ন জেলার লোক এসে এই পাঁপড় কিনে নিয়ে যায়। মুখোরচক এই পাঁপড় অতিথি আপ্যায়ন ও বিকেলের নাশতার সঙ্গে ভেজে পরিবেশন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, নন্দীগ্রামে আলুর উৎপাদন ভালো হয়। এই আলুকে প্রসেসিং করে নারীরা স্বাবলম্বী হচ্ছে। এতে আলুর বাজারও ভালো পাচ্ছে কৃষক। আবার আলুর পাঁপড় তৈরি ওই পরিবারগুলোও স্বচ্ছল হচ্ছে।