আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আতঙ্কে নগরবাসি
দেশের অন্যতম শিক্ষা ও শান্তির নগরী খ্যাত রাজশাহী মহানগরীতে শুকুনের নজর। শান্তীর এই নগরীতে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি,ডাকাতি, ধর্ষন,জবরদখল,
হানাহানী ও ছিনতাইয়ের ঘটনা। গণপরিবহন, রিকশা যাত্রী কিংবা পথচারী কেউই রেহাই পাচ্ছে না ছিনতাইকারীর কবল থেকে।
সাধারণ মানুষ তো বটেই, ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছেনা খোদ পুলিশ, সাংবাদি,নারী কিংবা আইনজীবীও। পরিস্থিতি এতটাই ভয়াবহ রুপ ধারণ করেছে যে, চুরি ডাকাতি ছিনতাই ঠেকাতে বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। এসব ঘটনায় সম্প্রতি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, যেখানে কোনো শ্রেণি-পেশার মানুষই নেই উদ্বেগের বাইরে।
এরই মধ্যে নানান উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে নগরীতে শুরু হয়েছে আসন্ন ঈদের বেচাকেনা। সাজানো গোছানো শহরটিতে প্রায় শতাধিক বিপণী বিতানে ঈদে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় প্রতিবছর। দিনের পাশাপাশি রাতেও চলে জমজমাট বেচাকেনা। তবে এবার শঙ্কা হয়ে দাঁড়িয়েছে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নগরবাসীও বের হচ্ছেন আতঙ্ক নিয়ে। রাতের কেনাকাটায় নগরবাসীকে আলোকোজ্জ্বল পথ ব্যবহারের পরামর্শ খোদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের।
এদিকে পুলিশ আসামি ধরে আইনের আওতায় আনার কথা থাকলেও উল্টো পুলিশই হেনস্তার শিকার হচ্ছে নিয়মিত। নগরীর বারেক বিল্ডিং এলাকায় পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাত আতংক ছড়িয়েছে জনমনে। শুধু তাই নয় গত কয়েক দিনের ব্যবধানে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের উপর হামলারও ঘটনাও ঘটেছে। এতে করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে কিছু পুলিশ সদস্যও অপরাধে জড়িয়ে পড়ছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ নাগরিকরা। কেউ কেউ বলছেন, এরকম চলতে থাকলে পুলিশের মনোবল বাড়ার পরিবর্তে আরও কমবে। এখনই নিতে হবে কার্যকর পদক্ষেপ।
সম্প্রতি নগরীর সাহেববাজার,নিউমার্কেট,লক্ষিপুর,
হাসপাতাল এলাকা,সিএন্ডবি মোড়,রেলগেট,
তালাইমারি,শালবাগান সহ বিভিন্ন এলাকায় ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা। যেখানে পথচারী থেকে রিকশা-অটোরিকশার যাত্রী নিরাপদ নন কেউই। ছিনতাইকারীদের করাল থাবা থেকে বাদ পড়েন না খাবার সরবরাহকারীরাও।
রাজশাহী নগরীতে অপরাধীদের দৌরাত্ম্যে এতটাই লাগামহীন অবস্থায় পৌঁছেছে যে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ নগরবাসি। এরই মধ্যে বেশকিছু ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয় সাধারণ জনতা। পথচারীদের ভাষ্যমতে, ছিনতাইকারীদের চলাচল এতটাই বেপরোয়া যে, পুলিশ যে আছে এখানে সেটাও মানছে না। ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিশ্চিতে আইন হাতে তুলে নেওয়া ঘটনা দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায়।
এদিকে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দিন কয়েক আগে বেসরকারি একটি টেলিভিশনের প্রতিবেদনে এক নারী আইনজীবী বলেন, যেখানে আমি আইনজীবী হয়ে ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাইনি, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো বিলাসিতা। এছাড়া মোবাইল খোয়ানো ভিকটিমদের অভিযোগ, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জিডি করার মাস পেরিয়ে গেলেও পুলিশ নিষ্কর্মার ভূমিকায় কাজ করছে। এটি কেবল রাজশাহী নগরীর চিত্রই নয়, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এ ভঙ্গুর দশায় নিমজ্জিত।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সক্রিয় ভূমিকা রাখতে পারছে না। এছাড়াও নতুন করে বিরূপ পরিস্থিতিতে পড়ার ভয়েও অনেক পুলিশ সদস্য তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন না। এসব কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, যা জনজীবনে উদ্বেগ তৈরি করছে। নগরীতে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতন ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আলম মাসুদ বলেন, আন্দোলনের সময় পুলিশের বিতর্কিত ভূমিকার কারণে তারা নৈতিক সংকটে পড়েছে। একই সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত হওয়ায় অপরাধীরা সুযোগ নিচ্ছে। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। যেখানে অপরাধ, সেখানেই তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তা হলেই মানুষের মন থেকে ভয় কাটতে থাকবে। পরিস্থিতিরও উন্নতি হবে।
এবিষয়ে মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন,২৪ ঘণ্টা আমাদের পুলিশ কর্তব্যে নিয়োজিত আছে। আমরা ক্রাইম এবং ট্রাফিক দুই দিকেই ফোর্সকে রি-এনফোর্স করেছি। এছাড়াও যখনই প্রয়োজন হচ্ছে অন্যান্য বাহিনীরাও আমাদের সাপোর্ট দিচ্ছেন।
তিনি বলেন, রমজানে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, মার্কেট কেন্দ্রিক আলাদা নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিত অভিযানে গত এক মাসে আটকও হয়েছে শতাধিক ছিনতাইকারী ও অপরাধী। আশা করছি নগরবাসীকে সাথে নিয়ে শীঘ্রই এই সংকট আমরা মোকাবেলা করতে পারব।