দুঃস্থের কল্যাণে লেখকের করণীয়
লেখক সমাজের এমন সব ব্যক্তি, যাঁরা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কৌশলের শব্দগুলো আকর্ষণীয়ভাবে পাঠকদের জন্য উপস্থাপন করেন । লেখকগণ বিভিন্ন ধরনের সাহিত্য শিল্প এবং সৃজনশীল লেখার জন্মদান করেন, যেমন উপন্যাস, ছোট গল্প, কবিতা, নাটক, চিত্রনাট্য, প্রবন্ধ ইত্যাদি । পাশাপাশি বিভিন্ন প্রতিবেদন, খবর, নিবন্ধ বিশ্বাসযোগ্য ও হৃদয়গ্রাহী করে তৈরী করে থাকেন যার প্রতি জনগণ সহজেই আগ্রহী ও আকৃষ্ট হয়ে পরে । লেখকদের লেখা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয় । তাই লেখনী সমাজ,সংস্কৃতি ও সভ্যতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে । যে সমস্ত কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ভাষার মাধ্যমে তাঁদের দেখা অথবা মনের পুঞ্জীভূত ধারণাকে আকর্ষণীয়ভাবে প্রকাশ করতে সক্ষম, সমাজের সংস্কৃতিতে তাঁদের অবদান অপরিসীম । মানুষের মন মানসিকতা, চিন্তা চেতনায় ইতিবাচক পরিবর্তনে অথবা কোনো দেশ, জাতি বা গোষ্ঠীর আর্থসামাজিক বিবর্তনে লেখকগণের ভুমিকা অনস্বীকার্য ।
পেশাগত বা নেশাগত কারনে আমরা লেখকগণের বিভিন্ন শ্রেণীবিন্যাস করে থাকি । তবে সাংবাদিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, কবি, গীতিকার, নাট্যকার সবাই মূলত লেখক । লেখক বলতে সাধারণত যিনি প্রয়োজনীয় শব্দ সাজিয়ে গুছিয়ে মনোজ্ঞরূপে লেখনীর মাধ্যমে উপস্থাপন করেন তাঁকেই বুঝি । কিছু লেখক চিরাচরিত নিয়মের বাইরে মৌখিক প্রথা থেকেও কাজ করে থাকেন ।
লেখকরা কাল্পনিক বা বাস্তবিক উভয় উপায়েই লেখার উপাদান তৈরি করতে পারেন । অনেক লেখক তাঁদের ধারণাকে সবার কাছে পৌঁছে দেবার জন্য একাধিক মাধ্যম ব্যবহার করেন – উদাহরণ স্বরূপ ভাষার পাশাপাশি গ্রাফিক্স বা চিত্রণ ইত্যাদি ।
লেখকের স্ত্রীবাচক শব্দ লেখিকা হলেও লেখক বলতে অনেকক্ষেত্রেই গ্রন্থকারের সমার্থক শব্দরূপে নারী পুরুষ উভয় শ্রেণীকেই গণ্য করা হয় । লেখক শব্দটি আসলে ব্যাপক অর্থেই ব্যবহৃত হয় । লেখক পেশাদার বা অপেশাদার উভয় রকমই হতে পারে। যা হোক আমার আলোচ্য বিষয়, " দুস্থের কল্যাণে লেখকের করণীয়" । আমি এখন এই প্রসঙ্গে কিছু আলোচনা করবো।
লেখকগণ জাতির বিবেক, সমাজের আয়না ।
লেখকের লেখা মানুষকে বিভ্রান্তির বেড়াজালে বন্দী করতে পারে । দ্বন্দ্ব বিবাদের জ্বলন্ত চুলায় বারুদ ছিটিয়ে সমাজকে ছারখার করতে পারে । অশ্লীলতা বেহায়াপনার গড্ডালিকায় হেসে খেলে ভেসে দিতে পারে সমগ্র জাতিকে । আবার লেখকরাই পারে উজান তরীর হাল ধরতে, আস্ত পাকা মাঝি হতে, অকূল সাগরে ভাসমান মানুষকে তীরে উঠার পথ দেখাতে । লেখকগণের কলমের খোঁচায় জেগে ওঠে মানুষের সুপ্ত চেতনা, জেগে ওঠে ঘুমন্ত বিবেক, জেগে ওঠে সমাজ, জাতি, সভ্যতা ।
বর্তমানে আর্থসামাজিক দৈন্যদশা থেকে উত্তরণে শানিত বিবেক সম্পন্ন লেখকের অনেক বেশি প্রয়োজন। দিন দিন বিশ্বে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ভুখা নাঙ্গার দল। বেঁচে থাকার তরে মানুষ তার প্রাণাধিক প্রিয়জনের হৃদয় নিংড়ানো ভালোবাসা বিসর্জন দিতে বাধ্য হচ্ছে । খাবার খেতে ডাস্টবিনে চলছে মানুষে-কুকুরে বিভৎস্য লড়াই । লুটপাট, চোটপাট,স্বজনপ্রীতি, মজুতদারি, ছলচাতুরী আর কালোবাজারির দৌরাত্যে আমজনতার প্রাণ ওষ্ঠাগত ! বিশ্বজুড়ে মুনাফাখোরের দল বিবেক বিসর্জন দিয়ে মরণখেলায় মেতে আছে । মজুতকৃত পণ্য পঁচে গেলেও দাম বাড়ানোর নেশায় কেউ কেউ মাতাল ! কোনো কোনো দেশে অনাহারী মানুষের হাড় গোনা যায় ! হৃদয় ভাঙা শোর শোনা যায় ! অথচ চশমখোরের উচ্চাকাঙ্ক্ষার দেয়াল ভাঙে না । কারসাজিতে মূল্য বাড়ানো না গেলে পণ্য সাগরে ফেলে দেয় ! বিশ্বব্যাপী আজ যে বিভীষিকা বিপর্যয় আর মানুষের পরাজয়ের মূল কারণ চেতনার অবক্ষয় । লেখকগণ পারে অবক্ষয়ী চেতনায় চিড় ধরাতে। চাইলেই তারা পারে ঘুমন্ত বিবেকে আলোড়ন তুলতে । পারে সমাজে সত্যের জাগরণ আনতে । বেতাল বায়ে সৃষ্ট উত্তাল উত্তুঙ্গ তরঙ্গ শান্ত করতে পারে লেখকরাই । ঝড়ের কলার ধরে বাতাসের গতিও বদলে দিতে পারে তারা।
স্বাধীনতার চেতনা মানুষের মজ্জাগত । মানবতাবোধ জন্মগতভাবেই মন মগজে প্রোথিত । মানবিক মৌলিক গুণাবলীতে ভরপুর মানুষের শিশুবেলা । শিশুরা অকৃত্রিম ভালোবাসে, দুঃখের মাঝে হাসে , স্বপ্ন আশা চাষে ! অথচ পরিবেশ পরিস্থিতি পরিবার ও সমাজ দিনে দিনে নিষ্পাপ মানবশিশুকে স্বার্থপর করে তোলে ।
আর সেই স্বার্থবাদের বিপরীতে চলে মানবতার আন্দোলন । সারা পৃথিবীর ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে সত্য মিথ্যার দ্বন্দ্ব, ন্যায় আর অন্যায়ের সংঘাত, আলো আঁধারের বৈরিতা ! অনেক শৌর্য্যবীর্য্যে , ঐতিহ্যে ঐশ্বর্যে সাজানো কত জাতির ইতিহাস । অনেক চড়াই উতরাই আর লড়াইয়ে রক্ত সাগর পেরিয়েই কোনো দেশ বা জাতি স্বাধীন হয় ।
কায়েমি স্বার্থের নিকৃষ্ট নিগড়ে বাঁধা পড়ে যারা তারা এমনি এমনি স্বাধীনতা পায় না । শোষক শ্রেণীর পদলেহনকারি স্বদেশি যারা জাতির বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে তাদের সরাতে অনেক রক্ত ঝরে । অনেক বিপ্লবীর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সীমাহীন দুর্ভোগে দিনের পর দিন পার করতে হয় । বরণ করতে হয় নানাবিধ নিপীড়ন, নির্যাতন, নির্বাসন। অন্যায় ও অমানবিকতায় ঝরে যায় অনেক তাজা প্রাণ ! কিন্তু মানবতার মুক্তির আন্দোলন স্তব্ধ হয় না কখনো । মুক্তিকামী লড়াকুদের যেমন প্রেরণা নির্ভীক নিঃস্বার্থ আপোসহীন বিপ্লবী , তেমনি প্রেরণা বিবেকবান কবি সাহিত্যিক তথা লেখকগনের জ্বালাময়ী লেখনী ।
আক্ষরিক অর্থে আজ যারা স্বাধীন তাদের অনেকেরই বাস্তবতা বড় বেদনাদায়ক ! অন্যায় অনিয়ম আর দুর্নীতি স্বজনপ্রীতির নাগপাশে ক্রমশঃই অন্ধকারে হারাতে বসেছে মানবীয় স্বত্বা । ম্লান হয়ে যাচ্ছে অনেক চড়া দামে কেনা গৌরবোজ্জ্বল স্বাধীনতা । এর জন্য শুধু স্বার্থবাদী পলিটিক্যাল টাউটরা একতরফা দায়ী নয় । এই দুর্গতির জন্য অনেক বেশী দায়ী সংস্কৃতির নামে অপসংস্কৃতির ধারক বাহকেরা। অন্ধ বিবেকে তারা সন্ধি করে সত্য ন্যায়ের পথ এড়িয়ে যাচ্ছে । কখনওবা ঘৃণিত স্বার্থের বলি হয়ে পরিণত হচ্ছে পাপী লুটেরার নোংরা ক্রীড়ণক ! যার কারণে প্রতিনিয়তই আর্তমানবতার আর্তনাদ বাড়ছে । আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে দুঃস্থ অসহায়ের হাহাকার ! এর জন্য শুধু তথাকথিত প্রগতিবাদীরা বা বিকৃত রুচির রাজনীতিবিদরাই ষোলোআনা দায়ী নয় ।
ভোগ বিলাসে মত্ত্ব বিভ্রান্ত মোল্লা, পুরোহিত বা ব্রাহ্মণ ঠাকুররাও নিজেদের অজ্ঞতায়, অলসতায় ও অযোগ্যতায় অনাচারে দুরাচারে ইন্ধন যুগিয়ে চলছে
প্রতিনিয়ত । মানবতা বিধ্বংসী ঝড়ের মাঝে নিরাশার ঘোর আঁধারে এখন নিতান্তই প্রয়োজন নজরুল, ফররুখ, সুকান্তের মতো জ্বালাময়ী লেখনী। প্রয়োজন ঘুমন্ত বিবেকে চেতনার ঝড় তোলা দীনবন্ধু মিত্রের মতো লেখক।
মানুষের হাহাকারে আহা করার মতো হৃদয় ক্রমশঃ হারিয়ে যাচ্ছে । অসহায় মজলুমের চিৎকারে আকাশ বিদীর্ণ হতে চায় ! উজ্বল সূর্য্যের আলোকোজ্জ্বল রশ্মির মনোরম শুভ্রচ্ছটাকে নিরাশারা নিরন্তর গ্রাস করতে চায় । আজ ত্রাসের রাজত্ব চলছে সর্বত্র ! দুঃস্থদের দুর্দশাভরা দীর্ঘশ্বাসে বাতাস ভারি থেকে অধিকতর ভারি হচ্ছে প্রতিনিয়ত ! এখনও বিবেকের চেতনায় আলো না জ্বলার কোনোই যুক্তি নাই । দুঃস্থ অসহায়ের দুর্দশায় বোবার মতো চুপ থেকে কারোই মুক্তি নাই । অন্ধ বিবেক সন্ধি করবে করুক, মরার আগে কাপুরুষ মরবে মরুক, হৃদয়ে রক্ত ঝরুক বিবেকবান লেখকের । লেখায় আগুন জ্বলুক। যে আগুনে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে মানুষরূপী খচ্চরের দল।
মানুষের চেতনা জাগাতেই হবে । ভোগবিলাসী স্বার্থবাদী লোভী লুটেরাদের রাশ টানতেই হবে । সমাজে রাজনৈতিক নোংরামী দূরীকরণের পাশাপাশি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় কলমে অনল ঝরাতে হবে । লাগামহীন সঞ্চয়ের নোংরা নেশা বন্ধ করতে হবে । সঞ্চিত সম্পদে বঞ্চিতদের অধিকার আছে । সেই অধিকার আল্লাহ্ প্রদত্ত । ইসলামী আইনে যাকাত ওশরের বিধান এর প্রকৃষ্ট উদাহরণ। যদি সত্যিকার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা যায় তবে দুঃস্থের দুর্দশা দূর হবেই । দুঃস্বপ্নের অবসান হবেই ।
সম্মানিত লেখকগণের প্রতি সবিনয়ে অনুরোধ করি দয়া করে আপনারা ইতিবাচক হন । বিবেককে জাগ্রত করুন। অনিয়ম আর অনৈতিকতার বিরুদ্ধে কলম ধরুন । এ প্রসঙ্গে আমি পবিত্র গ্রন্থ আল কোরআনের চিরন্তণ বাণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই।
আল্লাহ্ তা'আলা বিবেকীদের উদ্দেশ্যে বলছেন, "কী হয়েছে তোমাদের, কেন তোমরা লড়াই করছো না ঐ সমস্ত দুঃস্থ পুরুষ, নারী ও শিশুদের মুক্তির জন্য, যারা অসহায় ! যারা ফরিয়াদ করে বলছে হে প্রভু , আমাদেরকে বের করে নাও জালিমদের এই সমাজ থেকে ! (অথবা) দাও রক্ষাকারী, দাও সাহায্যকারী !"
(পারা-৫,সুরা নম্বর-৪, আন্ নেছা, আয়াত- ৭৫)
দুঃস্থের দুঃস্বপ্ন দূর হবে সুস্থ বিবেকের দ্বারা ।
কায়েমি স্বার্থের মসনদ উল্টাবে সৎসাহসী লেখকের লেখা দ্বারা । লেখকগণ যদি বিবেক বিক্রি না করে তবে তাঁরা প্রত্যেকেই প্রজ্জ্বলিত অগ্নিশিখা । অন্ধকার দূর হবেই । দুরাচার দমন হবেই । দুঃস্থের দুর্দশা কমবেই । এই জন্য লেখকগণের কলমে আজ আগুন জ্বালাতেই হবে । আল্ কোরআনের বাণী, " তোমাদের কী হলো, আল্লাহর পথে বের হতে বললে মাটি কামড়ে পরে থাকো ! তবে কী তোমাদের পরের পরম শান্তির চেয়ে এখনকার সাময়িক সুখ বেশি পছন্দ ! যদি তাই হয় তবে পরোয়া নাই । অন্য জনগোষ্ঠীকে তোমাদের উপর প্রতিষ্ঠিত করা হবে এবং তোমরা কঠিন আজাবে নিক্ষিপ্ত হবে আর তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ্ সর্ব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান !" (পারা-১০, সুরা নম্বর-৯, আত্ তাওবা, আয়াত- ৩৭, ৩৮,৩৯)
তাই সম্মানিত কবি, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকার, নাট্যকার, ফিল্ম মেকার তথা লেখকগণের প্রতি আকুল আবেদন আপনারা সত্যের পক্ষে জাগুন । দুঃস্থের দুর্গতি নিয়ে ভাবুন । নিছক বিনোদন নয়, ইতিবাচক গান, কবিতা, গল্প লিখুন । অর্থনৈতিক সামর্থ্যবানগন সচেতন হোন। সুস্থ সমাজ বিনির্মাণে এগিয়ে আসুন। সুস্থ ধারার সিনেমা, কথিকা, নাটক, তৈরি করুন। সহায়তা ফান্ডের জন্য সুস্থ সাংস্কৃতিক প্রদর্শনীর ব্যবস্থা করুন । অন্যায়, অশ্লীলতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে দুর্বার গনআন্দোলন গড়ে তুলুন । সত্যের সংগ্রাম চলবেই । নিকষ কালিমা ভরা আঁধারে স্বপ্নের দীপশিখা জ্বলবেই। মিথ্যার মসনদ টলবেই। আল্লাহ্ তা'আলার আশ্বাস বাণী , "সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী"(পারা-১৫, সুরা নম্বর-১৭, বনি ইসরাইল, আয়াত- ৮১) ।