রাস্তা থেকে তুলে নিয়ে বেঁধে শিশু 'আল আমিনকে' অমানুষিক নির্যাতন
শিশু আল আমিন, বয়স ১০, ৭ম শ্রেণি, আল ফুয়াদ একাডেমিতে পড়ছে। পিতাহারা ছেলেটিকে রাস্তা থেকে তুলে নিয়ে রশি দিয়ে বেঁধে পুরো শরীর রক্তাক্ত জখম করা হয়েছে।
আল আমিন কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধেছুয়াপালং এর মৃত রমিজ আহমদের ছেলে।
পরিবার জানান, রোববার রাতে নামাজ শেষে আল আমিনকে এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ঘরে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে তাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করা হয়৷ তার পুরো শরীর ক্ষতবিক্ষত। আঘাতের চিহ্ন।
এদিকে ওইদিন রাতে খবর পেয়ে রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরীর নির্দেশে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থল থেকে নির্মম নির্যাতনের শিকার আল আমিনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক৷ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
হামলাকারিরা হলেন একই এলাকার আবদুর রহিমের পুত্র এহেসান, তার স্ত্রী রোকেয়া ও ছেলে তাহসিন, রানা, রেজাউল ও তার ছেলে শাওন, আমিন, রুবেল, মৃত শামসুল আলমের পুত্র আবদুস শুক্কুর ও সালেহ আহমদ।
রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, পুলিশ টিম পাঠিয়ে ছেলেটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্ধারকারি পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল থেকে ছেলেটিকে উদ্ধার করে আমরা চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করি।
রাম প্রেস ক্লাব সভাপতি এম. আবদুল্লাহ আল মামুন জানান, শিশু নির্যাতনের প্রতিকার পাবে ইনশাআল্লাহ। অপরাধী যে হোক রেহাই পাবে না।
সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজয়বাংলা নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী বলেন, রাত ১টায় খবর পাওয়া মাত্র হাসপাতালে দেখতে গিয়েছি শিশুটিকে। এমন অমানবিক ও অমানুষিক নির্যাতন সভ্য সমাজে হতে পারে না। ছেলেটির শারিরীক অবস্থা খুব খারাপ। আঘাতে জর্জরিত।
উল্লেখ্য, এর আগেও শিশু আল আমিনের বড় ভাইকে তুলে নিয়ে নির্মম নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায় তার পরিবারের কাছ থেকে।