রাজশাহীতে ঈদগাহের ইমাম অপসারণের দাবিতে বিক্ষোভ
রাজশাহীতে ওলামা লীগ নেতাকে ঈদগাহের ইমামতি থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুসল্লিরা। শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের পর নগর ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম ও ওলামা লীগ নেতা মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হোদা ঈদগাহকে রাজনৈতিক প্রচারের কেন্দ্রস্থলে পরিণত করেছিলেন।
তারা বলেন, প্রতিবার ঈদের নামাজ শেষে মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হোদা শুধুমাত্র আওয়ামী লীগ নেতা ও তৎকালীন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তার পরিবারের জন্য দোয়া করতেন, যা মুসল্লিদের মধ্যে বিরক্তির সৃষ্টি করেছে।
বক্তারা আরও অভিযোগ করেন, গত ৪ ও ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলায় মাওলানা বারকুল্লাহর সম্পৃক্ততা ছিল। তারা দাবি করেন, ওই সময় রানীনগর মাদ্রাসায় তার নেতৃত্বে অস্ত্র মজুত রাখা হয় এবং সেখান থেকে যুবলীগ-ছাত্রলীগকর্মীদের সরবরাহ করা হয়। ফলে মুসল্লিরা তাকে আর ঈদগাহে ইমামতির দায়িত্বে দেখতে চান না।
মানববন্ধনে বক্তব্য দেন- নগরের হেতেমখাঁ আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, আব্দুর রাকিব, গোলাম রাব্বানী প্রমুখ।
এর আগে জুমার নামাজের পর মুসল্লিরা হেতেমখাঁ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বারকুল্লাহকে অপসারণের দাবিতে তারা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার; জেলা প্রশাসক এবং নগর পুলিশের কমিশনারের কাছে স্মারকলিপিও দিয়েছেন।