আদালতের পাশের চেয়ারে বসেই ঘুস নেন তিনি

Mohammad Nazrul Islam
আবুল কালাম আজাদ,রাজশাহী ০৮ এপ্রিল ২০২৫ ০৩:১৯ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী ০৮ এপ্রিল ২০২৫ ০৩:১৯ অপরাহ্ন
আদালতের পাশের চেয়ারে বসেই ঘুস নেন তিনি
আদালতের পাশের চেয়ারে বসেই ঘুস নেন তিনি

রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ কর্মরত পেসকার মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে বেল বন্ড জমার সময় ঘুষ গ্রহণ, মামলার নথি ব্যবস্থাপনায় অনিয়ম এবং অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, নজরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওচিত্রে দেখা যায়, নজরুল ইসলাম জামিনপ্রাপ্ত আসামিদের কাছ থেকে বেল বন্ড জমা দেওয়ার সময় ৩০০ থেকে ৪০০ টাকা করে অবৈধ অর্থ গ্রহণ করছেন। অভিযোগ রয়েছে, এই ঘুষ লেনদেন কোনো সাময়িক ঘটনা নয়—দীর্ঘদিন ধরেই এটি নিয়মিতভাবে চলমান।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে রাজশাহী কোর্টে যোগদানের পর থেকে নজরুল ইসলাম ১৭ বছর ধরে পেসকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন জামিনপ্রাপ্ত ব্যক্তি বেল বন্ড জমা দেন, যার ফলে তিনি প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ঘুষের মাধ্যমে অবৈধ আয় করছেন বলে অভিযোগ রয়েছে।

শুধু বেল বন্ড নয়—তাঁর বিরুদ্ধে মামলার নথি বিচারকের কাছে উপস্থাপনের ক্ষেত্রে ইচ্ছেমতো আগে-পিছে করার অভিযোগ রয়েছে। পাশাপাশি, মামলার নকল (সার্টিফায়েড কপি) প্রদানের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা আদায়ের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ লিটনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে আদালতের হিসাব রক্ষক সিজার নামের এক কর্মকর্তা বলেন, “বিষয়টি ভিডিওচিত্রের মাধ্যমে আমরা অবগত হয়েছি। আমাদের স্যার অত্যন্ত সৎ এবং কঠোর নীতিবান ব্যক্তি। অভিযোগের তদন্ত করে সত্যতা মিললে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আদালতের মর্যাদা ও স্বচ্ছতা রক্ষায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পেসকার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “আমি কোনো ঘুষ নেইনি। ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। মানুষ স্বেচ্ছায় পাশে দাঁড়িয়েছে, সেটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আদালতের বিধি অনুযায়ী দায়িত্ব পালন করি। তদন্ত হলেই সব স্পষ্ট হবে।”

এদিকে, রাজশাহী জেলা আইনজীবী সমিতির একজন জ্যেষ্ঠ সদস্য বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কিছু কর্মচারীর বিরুদ্ধে এমন অনিয়মের কথা শুনে আসছিলাম। এবার ভিডিওসহ প্রমাণ এসেছে, তাই প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। নইলে বিচারপ্রার্থী সাধারণ মানুষের আস্থা ধাক্কা খাবে।” , আদালতের পবিত্রতা রক্ষা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সাধারন মানুষ।