পেঁয়াজ বীজ সংগ্রহ শুরু

‘কালো সোনা’য় চারশ কোটি টাকার আশা

Cultivation of onion seeds
অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৫ ০৩:১৬ অপরাহ্ন কৃষি
অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৫ ০৩:১৬ অপরাহ্ন
‘কালো সোনা’য় চারশ কোটি টাকার আশা
......সংগৃহীত ছবি

দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর। পেঁয়াজের বীজ উৎপাদনেও পিছিয়ে নেই এ জেলা। বিস্তীর্ণ মাঠের পেঁয়াজের সাদা ফুল পক্বতা পেয়ে এখন ধূসর ও স্বর্ণের রূপ নিয়েছে। এখান থেকে বেশির ভাগ পেঁয়াজ বীজ দেশের বিভিন্ন জেলায় নেওয়া হয়। বীজ উৎপাদনের লক্ষ্যে প্রায় ৬ মাস রোপণ থেকে শুরু করে কীটনাশক, সার প্রয়োগসহ পরিচর্যার পর এখন ফসল তোলার পালা। এরই মাঝে শুরু হয়েছে বীজ তোলার কর্মযজ্ঞ। আর মাত্র ৭ দিন পর পুরোদমে শুরু হবে পেঁয়াজ বীজ নামের ‘কালো সোনা’ সংগ্রহের কাজ। ফরিদপুর জেলায় এ বছর ১ হাজার ৮৫৪ হেক্টর অর্থাৎ ৪ হাজার ৫৮০ একর জমিতে এ পেঁয়াজ বীজ চাষাবাদ হয়েছে। এ বীজ সংগ্রহের জন্য অধির আগ্রহে রয়েছেন উদ্যোক্তা, কৃষান-কৃষানি এবং এ কাজের সঙ্গে সম্পৃক্ত দিনমজুররা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে বলে দাবি উদ্যোক্তা কৃষান-কৃষানিদের।

‘কালো সোনা’ খ্যাত এই পেঁয়াজ বীজ উৎপাদনে দিনদিন এগিয়ে যাচ্ছে ফরিদপুর। প্রতিবছর চাষাবাদের জমির পরিধি বাড়ছে। তাই বিপুল সাফল্যের আশা করছেন এ অঞ্চলের মানুষ। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ১ হাজার ৮৫৪ হেক্টর জমিতে প্রায় ৯৬৪ মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদিত হবে, যার বাজারমূল্য ৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। ফরিদপুরের পেঁয়াজ বীজের বাজারমূল্য অতি উচ্চ। প্রতি কেজি পেঁয়াজ বীজ ৩ হাজার ৫০০ থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হয় বলে জানান কৃষকরা। একসময় এই বীজ সম্পূর্ণ আমদানিনির্ভর ছিল, তবে বর্তমানে দেশের চাহিদার ৫০ শতাংশ পেঁয়াজ বীজ সরবরাহ করে থাকেন ফরিদপুরের কৃষকরা। এভাবে পেঁয়াজ বীজ উৎপাদন হলে একসময় দের দেশের বীজের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে বলে দাবি এ অঞ্চলের কৃষকের।

কৃষি বিভাগ জানায়, ফরিদপুর জেলা সদরসহ ৯ উপজেলায় পেঁয়াজ বীজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮২০ হেক্টর জমি; কিন্তু এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১ হাজার ৮৫৪ হেক্টর জমিতে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে সদর উপজেলায়। এছাড়া জেলার নগরকান্দা, সালথা, ভাঙ্গা, সদরপুর ও বোয়ালমারী উপজেলায় পেঁয়াজ বীজ রোপণ করা হয়েছে। ফরিদপুর জেলা থেকে আহরিত পেঁয়াজ বীজের চাহিদা পুরো দেশে প্রচুর, যার মধ্যে ২৮০ মেট্রিক টন স্থানীয়ভাবে ব্যবহার হবে এবং বাকি ৬৮৪ মেট্রিক টন সারা দেশে সরবরাহ করা হবে।

গোবিন্দপুর গ্রামের মাঠে কৃষিকাজ করা আয়নাল, সেলিমসহ একাধিক দিনমজুর বলেন, পেঁয়াজের বীজে ভালো লাভ পাওয়ায় একদিকে যেমন উদ্যোক্তারা উৎসাহী হচ্ছেন আর অন্যদিকে পেঁয়াজ বীজের মাঠে কাজ করে দিনমজুররা ভাগ্যোন্নয়নের পাশাপাশি পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পারছেন। তারা বলেন, বীজের পেঁয়াজখেতে কাজ করে প্রতিমাসে আয় করা যাচ্ছে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা। কাজ শুরু করলে প্রায় ৬ মাস কাজ করে লাখ টাকা বাড়িতে নেওয়া সম্ভব হয়। এ দিয়ে পরিবারের ভরণপোষণসহ সন্তানদের লেখাপড়াসহ ভালোভাবেই চলে যায় তাদের।

ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষানি শাহেদা বেগম দেড় যুগ ধরে বীজের পেঁয়াজ চাষ করছেন। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন অত্যন্ত ভালো হয়েছে। একশ একর জমিতে তিনি পেঁয়াজ বীজ চাষ করে দেশের সেরা কৃষানি হিসাবে পুরস্কৃতও হয়েছেন। শাহেদা বেগমের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে বিঘাপ্রতি দুই থেকে আড়াই মন বীজ পাওয়া যাবে। শাহেদা বেগমের স্বামী বক্তার খান বলেন, ফরিদপুরের পেঁয়াজ বীজের মান ভারতের বীজের তুলনায় অনেক ভালো।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে পেঁয়াজ ও বীজের ফলন ভালো হয়েছে।