রাজশাহীতে ব্যাগিংয়ের আগে স্বস্তির বৃষ্টি, রক্ষা পেল কড়ালি

Rain of relief before bagging
নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল ২০২৫ ০৭:১১ অপরাহ্ন শীর্ষ খবর
নিজস্ব প্রতিবেদক: ১১ এপ্রিল ২০২৫ ০৭:১১ অপরাহ্ন
রাজশাহীতে ব্যাগিংয়ের আগে স্বস্তির বৃষ্টি, রক্ষা পেল কড়ালি
রাজশাহীতে বৃষ্টির পর গাছে গাছে ঝুলছে সতেজ কড়ালি। ছবি - বিজয় বাংলা

কয়েকদিন ধরেই রাজশাহীতে বইছিল খরতাপ। তীব্র রোদের মধ্যে আমের অনেক কড়ালি কিসমিসের মতো শুকিয়ে যাচ্ছিল। গাছের গোড়ায় সেচ দেওয়া হচ্ছিল, আমে স্প্রে করা হচ্ছিল পানি—তবু তা যথেষ্ট ছিল না। এক চিলতে বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে ছিলেন আমচাষিরা। অবশেষে সেই প্রতীক্ষিত বৃষ্টি নেমেছে বৃহস্পতিবার রাতে।

চাষিরা জানাচ্ছেন, এই বৃষ্টির ফলে আমের বোঁটা শক্ত হবে, ঝরে পড়া কমবে। কয়েক দিনের মধ্যেই শুরু হবে আমে ব্যাগিংয়ের কাজ। তার আগে এমন বৃষ্টিতে আমের গায়ে জমে থাকা ধুলোবালি ধুয়ে গেছে। ফলে ব্যাগে ঢোকার পর আম থাকবে ঝকঝকে ও দাগহীন।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ২৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময় ঘণ্টায় ২০ নটিক্যাল মাইল গতিতে ঝোড়ো বাতাসও বয়ে যায়। রাজশাহী ছাড়াও আম উৎপাদনকারী জেলা নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জেও বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টিতে কিছু এলাকায় অল্প কিছু আম ঝরেও পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আমচাষি ইসমাইল খান বললেন, ‘এবার বৃষ্টিপাত কম। কড়ালি ঝরেপড়া রোধে গাছে নিয়মিত সেচ দিতে হচ্ছিল, এতে খরচ বাড়ছিল। এখন আবার খরা না হওয়া পর্যন্ত সেচের দরকার হবে না। এতে চাষিদের উপকার হলো।

রাজশাহী ম্যাঙ্গো সোসাইটির সভাপতি আনোয়ারুল হক প্রতি মৌসুমে প্রায় ১০ টন রপ্তানিযোগ্য আম উৎপাদন করেন। ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত তার বেশিরভাগ আম রপ্তানিও হয়। তিনি জানিয়েছেন, আগামী ২০ এপ্রিল থেকে তার বাগানে ব্যাগিং শুরু হবে।

আনোয়ারুল হক বলেন, ব্যাগিংয়ের আগে একটা বৃষ্টি হলে খুব ভালো হয়। আমটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার আম ব্যাগে ঢুকিয়ে দিলে তাতে আর ধুলোবালি লাগে না, কোনো দাগও হয় না। তাছাড়া বৃষ্টিতে আমের বোঁটাও শক্ত হয়।

তবে গত ২০ ও ২১ মার্চের বৃষ্টিতে আম্রপালি জাতের কিছু ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, ওই সময় মুকুল ছিল গাছে। সেই মুকুল বৃষ্টির পানিতে পুড়ে গেছে। তবে যেসব মুকুল আগে এসেছিল এবং আম তখন মার্বেল বা নাকফুল আকারে ছিল, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। অন্য জাতের আমও উপকৃত হয়েছে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, আম বৃষ্টি, ঝড়-ঝাণ্ডার মধ্যেই বেড়ে ওঠে। আগের বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও এবারের বৃষ্টি সোনায় সোহাগা হয়ে গেছে। টানা খরার পর এই বৃষ্টি আশীর্বাদ হয়ে এসেছে।

তিনি বলেন, বৃষ্টিপাতের সময় ঝোড়ো হাওয়ায় কিছু আম ঝরে পড়েছে, তবে খরার কারণে সেগুলোর বোঁটা আগে থেকেই দুর্বল ছিল। সামগ্রিকভাবে এবার আমের ঝরেপড়া কমবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, এই বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করছিলাম। এবার আমের অনইয়ার। উৎপাদন ভালো হবে বলেই আমরা আশা করছি। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে।

চলতি মৌসুমে নওগাঁর ৩০ হাজার ৫০০ হেক্টর জমির আমবাগান থেকে ৪ লাখ ৩০ হাজার মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জের ৩৭ হাজার ৫০৪ হেক্টর থেকে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন এবং রাজশাহীর ১৯ হাজার ৬০০ হেক্টর বাগান থেকে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। গত বছরের তুলনায় এবার ফলন বেশি হবে বলে আশা করছেন আমচাষি, গবেষক এবং কৃষি বিভাগের কর্মকর্তারা।