রাজশাহীতে রক্ত দিয়ে ৭১ এর বাংলা নববর্ষ বরণ

Happy Bengali New Year
ওয়ালিউর রহমান বাবু ১৩ এপ্রিল ২০২৫ ০৭:০১ অপরাহ্ন সারা বাংলা
ওয়ালিউর রহমান বাবু ১৩ এপ্রিল ২০২৫ ০৭:০১ অপরাহ্ন

জানাযায় আগে ১৫ এপ্রিল বাংলা নববর্ষ পালিত হত। রাজশাহী জেলা সদরে ৭১ বাংলা নববর্ষ ছিল বিভীষিকাময়। রক্ত নির্যাতন স্বজন হারানোর শোকে জর্জরিত। ঢাকা থেকে আসা পাকিস্তানি সৈন্যদের ভারী অস্ত্রের আক্রমণে বিড়ালদহে স্বাধীনতাকামী যোদ্ধাদের বিজয় অস্ত্র সংকটে ভেঙ্গে গেল। পাকিস্তানি সৈন্যরা ওই অঞ্চলটির দখল করে রাজশাহী জেলা সদরের দিকে আসতে থাকে। তাদের আরেকটি অংশ সারদা পুলিশ একাডেমির নিচে পদ্মা নদীর চরে আশ্রয় নেয়া মানুষদের হত্যা করে বেঁচে যাওয়াদের মৃতদেহের সঙ্গে পেট্রোল ঢেলে পুড়িয়ে ১৩ এপ্রিল সন্ধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে ক্যাম্প করে ত্রাস সৃষ্টি করে। জেলা সদরে প্রবেশের সময় হত্যাযজ্ঞ চালিয়ে বাড়ি-ঘরে আগুন দেয়। প্রতিরোধ যোদ্ধাদের যোগাযোগ বিছিন্ন হয়ে গেলে তারা প্রতিরোধ তুলে নেয়।

রাজশাহী ক্যান্টেনমেন্টে অবরুদ্ধ হয়ে থাকা পাকিস্তানি সৈন্যরা বাইরে বেরিয়ে এলে পাকিস্তান পন্থী অবাঙালি ও বাঙালিরা নারকীয়তা সৃষ্টি করে। ১৪ এপ্রিল ভোর থেকে পাকিস্তানি সৈন্যরা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে (তথ্যসূত্র বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন)। পাকিস্তানি সৈন্যরা এই দিন ভোর ৬টায় রাজশাহী জেলা সদরের বড়কুঠি পাড়ায় আশ্রয় নেয়া ইন্সুরেন্স কোম্পানীর অফিসার আব্দুস সাত্তার ও তার ছেলে রাজশাহী কলেজের ছাত্র শওকত আলী, হাজী মোহম্মদ মহসীন হাইস্কুল এন্ড কলেজের ছাত্র লিয়াকত আলীকে ধরে নিয়ে গেলে তারা ফিরে আসে নি (তথ্যসূত্র: শহিদ পরিবারের সদস্য রোজেটি নাজনীন)। পাকিস্তানি সৈন্যরা রানীবাজার এলাকায় শাসসুদ্দীনের বাড়িতে লুটপাট করে, আবার ফিরে এসে তার স্ত্রী, ছেলের বৌ ও মেয়েকে ঘরে ঢুকিয়ে দুই ছেলেকে হত্যা করে। তারা দোসরদের মদদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ত্রাস সৃষ্টি করে মুক্তমনা ও স্বাধীনতাকামী শিক্ষক, অফিসার, স্টাফদের খুঁজতে থাকে। সামনে যাদেরকে পেয়েছে তাদেরকে লাঞ্চিত করে। সংস্কৃত বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারকে ধরে নিয়ে গিয়ে কাজলা এলাকায় হত্যা করে।

তারা বোসপাড়া এলাকার ইলিয়াস রবুদের বাড়িতে তাদের দোকানের কর্মচারী ও আরেকজনকে বেঁধে গুলি করে হত্যা করার সময় ভাগ্যক্রমে ইলিয়াস বেঁচে যান (তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন)। পাকিস্তানি সৈন্যরা কাজলা, তালাইমারি, বিনোদপুর, দেবীসিংপাড়া, রাণীনগর, সাধুরমোড়, রামচন্দ্রপুর ও আশেপাশের এলাকার প্রায় ১৬০ জনকে হত্যা করে ও বাড়ি ঘরে আগুন দেয়।

পাকিস্তানি সৈন্যরা রাজশাহী জেলা সদরের সাহেব বাজারস্থ ক্রিমিনাল ইনটেলিজেন্স ব্রাঞ্চ (সিআইবি) অফিস আক্রমণ করে অস্ত্র কেড়ে নিয়ে অফিসার স্টাফদের লাঞ্চিত করে লাইনে দাঁড় করিয়ে গুলি করলে এই প্রতিষ্ঠানের অফিসার আজিজুর রহমান ও আবু আকতার শহিদ হন। তারা এই  প্রতিষ্ঠানের এডি বাঙালি সিনিয়র অফিসার খলিলুর রহমানকে লাঞ্চিত করে তার কাছে থাকা সন্তানদের বৃত্তির টাকা ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেয় (তথ্যসূত্র: শহিদ পরিবার)

পাকিস্তানি সৈন্যরা লুটপাটের সুযোগ করে দিয়ে গান পাওডার দিয়ে সাহেব বাজারের ব্যবসা-প্রতিষ্ঠানে আগুন দেয়। উসকে দেয় সাম্প্রদায়িকতা। পদ্মা নদীর চরে আশ্রয় নেয়া লোকজনকে হত্যা করতে থাকে (তথ্যসূত্র: সিনিয়র সাংবাদিক আহমেদ শফি উদ্দীন)। বিড়ালদহ প্রতিরোধ যুদ্ধে নিতৃত্ব দেয়া ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) তৎকালিন নায়েক সুবেদার সিরাজউদ্দীন লস্কর ঝুঁকি নিয়ে রাজশাহী জেলা সদরে কোর্টের পশ্চিমে রাইপাড়া স্কুলে ইস্ট পাকিস্তান রাইফেলস নওগাঁ ৭নং উইংয়ের অধিনায়ক মেজর নাজমুল হক ও সহঅধিনায়ক ক্যাপ্টেন গিয়াসউদ্দীন চৌধুরীর সাথে আলোচনা করে, রাজশাহী পুলিশ লাইনে প্রতিরোধ গড়ে তোলেন। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে তাদের নিরাপদ স্থানে সরে যেতে সহযোগিতা করে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেন (তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর সিরাজউদ্দীন লস্কর)। পাকিস্তানি সৈন্যরা দোসরদের মদদে রাজশাহী টিবি হাসপাতালের নার্সেস কোয়ার্টারে ত্রাশ সৃষ্টি করে হত্যা যজ্ঞ চালায়। (তথ্যসূত্র: সাংবাদিক বুলবুল আহমেদ)। কিছু বিবেকবান অবাঙালির অবস্থান ছিল স্বাধীনতা কামীদের পক্ষে। তারা অনেক বাঙালি তরুন, ছাত্র, যুবক ও পরিবারকে রক্ষা করেন। তবে তাদের সংখ্যা ছিল খুবই কম (তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন)।

 ১৫ এপ্রিল বাঙালা নববর্ষের দিন টি ছিল আরো বিভীষিকাময় পাকিস্তানি সৈন্যরা এই দিন রাজশাহী জেলা সদরের ক্রিমিনাল ইনটেলিজেন্স ব্রাঞ্চ (সিআইবি) অফিসে গিয়ে আগের দিন হত্যা করা অফিসারদের দেহ মাটি চাপা দিয়ে তাদের পরিবারকে এখান থেকে বের করে দেয় (তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা শহিদ পরিবারের সদস্য ডাক্তার লায়লা পারভীন)। পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে ধরে নিয়ে গেলে তিনি আর ফিরে আসেন নি (তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ খান)। রক্ত নির্যাতন স্বজন হারানোর শোক সব কিছু সহ্য করে রাজশাহী স্বাধীনতাকামীরা স্বাধীনতার প্রত্যাশায় ৭১ এর বাংলা নববর্ষকে রক্ত দিয়ে বরণ করে নেয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব রূপ নেয় জনযুদ্ধে।

১৫ এপ্রিল বাঙালা নববর্ষের দিন টি ছিল আরো বিভীষিকাময় পাকিস্তানি সৈন্যরা এই দিন রাজশাহী জেলা সদরের ক্রিমিনাল ইনটেলিজেন্স ব্রাঞ্চ (সিআইবি) অফিসে গিয়ে আগের দিন হত্যা করা অফিসারদের দেহ মাটি চাপা দিয়ে তাদের পরিবারকে এখান থেকে বের করে দেয় (তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা শহিদ পরিবারের সদস্য ডাক্তার লায়লা পারভীন)। পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে ধরে নিয়ে গেলে তিনি আর ফিরে আসেন নি (তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ খান)। রক্ত নির্যাতন স্বজন হারানোর শোক সব কিছু সহ্য করে রাজশাহী স্বাধীনতাকামীরা স্বাধীনতার প্রত্যাশায় ৭১ এর বাংলা নববর্ষকে রক্ত দিয়ে বরণ করে নেয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব রূপ নেয় জনযুদ্ধে।

 তথ্যসূত্র: বীর মুক্তিযোদ্ধা মাহাতার উদ্দীন।

লেখক,তথ্য সংগ্রাহক,সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী