রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা
মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করেছে বখাটে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায়। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাস চালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে ইভটিজিং করত। এই নিয়ে প্রতিবাদ করায় আকরাম হোসেনের বাড়িতে গিয়ে ওই যুবকরা হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে দশটার দিকে আকরাম হোসেনকে ইট দিয়ে পিটিয়ে আহত করে ওই বখাটেরা। এলাকার নান্টু, বিশাল, রতনসহ বেশ কয়েকজনের এ হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানতে চাইলে রাজশাহী নগরীব বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক হোসেন বলেন, রাতে বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনারের পাশে দু পক্ষের মারামারিতে একজন আহত হয়। তকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে আকরাম হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদ্বয়ের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।