কোনাবাড়ীতে ২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

2 factories closed indefinitely
অনলাইন ডেস্ক : ৩০ এপ্রিল ২০২৫ ০১:১০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ৩০ এপ্রিল ২০২৫ ০১:১০ অপরাহ্ন
কোনাবাড়ীতে ২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গাজীপুরে ২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ.....সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুইটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলো হলো- এম এম নিটওয়‌্যার ও মামুন নিটওয়্যার।

বুধবার সকাল ৮টার আগে কারখানাগুলোর মূল ফটকে বন্ধ ঘোষণার নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।পরে শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে এ নোটিশ দেখতে পায়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন, স্ক্রিন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে অবৈধভাবে কাজ বন্ধ রাখে এবং উচ্ছৃঙ্খলতা করে। কারখানা কর্তৃপক্ষ উক্ত ডিভিশনের শ্রমিকদের কাজ শুরুর জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে।

এছাড়া, গার্মেন্টস ডিভিশনের শ্রমিকরা কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা গোলযোগ ও ক্ষয়ক্ষতি করে কারখানা থেকে বেরিয়ে যায় বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, সে কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার সকাল ৮টা থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী — ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষণা করেছে।

পরবর্তীতে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার উক্ত ডিভিশনের সেকশনগুলো খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “এম এম ও মামুন নিটওয়্যার লিমিটেড ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন।”

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।”