দুর্গাপুরে কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি
রাজশাহী দুর্গাপুরে দীর্ঘ কয়েক মাস পরে স্বাস্তির বৃষ্টি হলেও কাল বৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী কাল বৈশাখীর তান্ডবে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা, বিদ্যুৎত সংযোগ বিচ্ছিন্নসহ পানবরজ, আম ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও উঠতি ফসল সহ ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরে ঝড়ে ফসলের ক্ষতির কোনো হিসাব পাওয়া যায়নি। চাষিরা বলছেন ঝড়ের এক দিন অতিবাহিত হলেও উপজেলা কৃষি অফিস হতে এখনো কেউ কোনো খবর নেয়নি।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আকাশে কালো মেঘ দেখা দেয়। এরপর বিকেল ৩টায় শুরু হয় শুকনো ঝড়। পরে বেলা সাড়ে ৩টায় শুরু হয় ঝড়সহ বৃষ্টি, সেই সাথে শিলা বৃষ্টি। যা প্রায় ঘণ্টা ব্যাপি এ ঝড়-বৃষ্টি দেখা দেয়। উপজেলার পৌর এলাকাসহ, উপজেলার নওপাড়া, গোপালপুর, জয়নগর, বখতিয়ারপুর, কানপাড়া, চুনিয়াপাড়া, সায়বাড়, আমগাছী, পানানগর, বেলঘরিয়া, উজানখলশী, কয়ামাজনপুর, মাড়িয়া, দাউকান্দিসহ উপজেলার সকল এলাকার ওপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখীর তান্ডব। ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার কানপাড়া শ্যামপুর রোডে বিলাশ একটি জামগাছ উপড়ে পড়ে যায়। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেই গাছটি সরিয়ে ফেলেন।
এছাড়াও উপজেলা হোজা গ্রামে একটি বৈদ্যুৎতিক পোল হেলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন এলাকার কাঁচা ও পাকা ঘর বাড়ি ভেঙ্গে যায়। এমনকি অনেক ঘরের চালা উড়ে যায়। আবার অনেক স্থানে গাছপালা উপড়ে ও ভেঙ্গে গিয়ে বিদ্যুৎএর তার ছিড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও বিশেষ করে ঝড়ে আমগাছের আম ঝোরে পড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে আম চাষীদের।
ভূট্টা ও পান বরজেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সিংগা গ্রামের হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার কাল বৈশাখীর তান্ডবে তার ভূট্টা খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। জানে আলম জানান, তিনি প্রায় ৫ লাখ টাকার লিচু ও আম গাছের বাগান টেন্ডার নিয়েছিলেন। বৃহস্পতিবারের শিলা বৃষ্টি আর ঝড়ে লিচু ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তিনি লোকসানের আশঙ্কা করছেন। এবিষয়ে কথা বলাল জন্য উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।