ভিডিও করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রের মৃত্যু
রাজধানী ঢাকায় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ ছাত্র ইসতিয়াক আহমেদ রাফিদ (২১) নিহত হয়েছে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রেললাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের ভিডিও করতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাফিদের।
গতকাল (২মে) শুক্রবার বিকেল পৌনে ৫ টার সময় কুড়িল বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাফিদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অফিসে কর্মরত মো. রেজাউল করিমের ছেলে। তাদের বাড়ি শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, ছবি তোলার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। ভবিষ্যতে একজন পেশাদার ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল তার।
নিহত রাফিদ রাজশাহী কলেজে বাংলা বিভাগের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। ঢাকার খিলক্ষেতে খালার বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে কমলাপুরগামী একটি ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা ট্রেনের নিচে কাটা পড়েন রাফিদ।
রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইসতিয়াক খুব ভালো ও শান্ত ছেলে ছিল। তার আচরণ খুব সুন্দর ছিল। শিক্ষককে সব সময় শ্রদ্ধা করতো। তার ছবি তোলার শখ ছিল এবং খুব সুন্দর ছবি তুলতে পারতো। তার চলে যাওয়া আমাদের মেনে নেওয়া কষ্টকর। তার এই মৃত্যুতে আমরা শোকাহত।’
রাফিদের খালাতো ভাই ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মুস্তাফিজুর রহমান তার সঙ্গে ছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, রাফিদ টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কি না খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে যান।
গত ৩ মে সকাল ১০ টায় নিহত রাফিদের নিজ গ্ৰামে জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।