ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকী পালন

Celebrating the birth anniversary of leader Birkanya Pritilata
নিজস্ব প্রতিবেদক: ০৫ মে ২০২৫ ০৭:৫০ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৫ মে ২০২৫ ০৭:৫০ অপরাহ্ন
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকী পালন
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী, সাম্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকী পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে সোমবার এর আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। এতে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

বেলা সাড়ে ১১ টায় প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম,  শাহজাহান আলী, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সভাপতি আরাফাত মিলেনিয়াম প্রমূখ। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।


বক্তারা বলেন, বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সশস্ত্র সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তাঁর বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মাহুতি সেই সময় গোটা ভারতবর্ষের মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছিল। আজও তাঁর জীবন ও সংগ্রাম এবং দেশপ্রেম প্রেরণা যোগায় বাঙালিকে। তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে মানুষ চিরকাল। 

শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ী ছয়জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়। এছাড়া প্রধান শিক্ষককেও শুভেচ্ছা হিসেবে বই উপহার দেয়া হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, 'আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যেমন জ্ঞান থাকতে হবে তেমনি স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সম্পর্কেও জানতে হবে। তাদের মধ্যে অন্যতম প্রীতিলতা ওয়াদ্দেদার। যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তার সম্পর্কে জানানোর জন্যই বন্ধুসভার এই আয়োজন। এতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে পারবে। বন্ধুসভার এমন শিক্ষামূলক কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ্ উলফাৎ অর্পিতা, মোঃ আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ফাতেমা খাতুন, কার্যনির্বাহী সদস্য সিফা বিনতে হাবিব, আহমেদ ওয়ালিদ, বন্ধু সাদিয়া কুলসুম, মাহমুদা আক্তার প্রমূখ।