বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেল বিশাল মেহগনিগাছ
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বজ্রপাতে একটি মেহগনিগাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে গাছটি দ্বিখণ্ডিত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা গাছটি দেখতে সেখানে ভিড় করেন। অনেকে ছবিও তুলছেন।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সকাল থেকে আকাশে মেঘ ছিল। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা তখন শ্রেণিকক্ষ ও অফিসকক্ষে ছিলেন। এর মধ্যে হঠাৎ বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বৃষ্টি থেমে যাওয়ার পর সবাই বাইরে বেরিয়ে বিশাল আকারের মেহগনিগাছটিকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখতে পান।
দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, পদার্থবিজ্ঞান বিভাগের সামনে লম্বা মেহগনিগাছটির মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওপরে ডালপালা ও সবুজ পাতায় মোড়া। গাছের কাণ্ডের নিচ থেকে ওপর পর্যন্ত প্রায় ২০ ফুট দ্বিখণ্ডিত হয়ে আছে। তবে গাছটিতে কোনো পোড়া চিহ্ন নেই। উৎসুক জনতা গাছটি দেখতে ভিড় করছেন।
বৃষ্টির আগে ক্যাম্পাসে গাছের পাতা কুড়াচ্ছিলেন কলেজের পেছনের এলাকার মরিয়ম খাতুন। তিনি বলেন, পাতা কুড়াতে কুড়াতে বৃষ্টি শুরু হয়। তখন তিনি পাশের একটি বারান্দায় আশ্রয় নেন। কিছুক্ষণ পর বজ্রপাতের ঘটনা ঘটে। পরে তিনি এগিয়ে গিয়ে দেখেন গাছটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে।
কলেজের অধ্যক্ষ মো. আবদুল আউয়াল মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমার দেখা এটি একটি বড় ঘটনা। অনেক সময় বৃষ্টি এলে শিক্ষার্থীরা গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু গাছ যে বজ্রপাতকে আমন্ত্রণ জানায় তারা জানে না। তাই এ ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন আছে। আজকের ঘটনাটি গাছের ওপর দিয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত গাছটি থেকে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে। দ্রুত গাছটি অপসারণের ব্যবস্থা করা হবে।’
সূত্র: প্রথম আলো