তথ্য ও সম্প্রচার সচিব

গুজব প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান

Mahbuba Farzana
নিজস্ব প্রতিবেদক: ০৮ মে ২০২৫ ০৪:১৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৮ মে ২০২৫ ০৪:১৮ অপরাহ্ন
গুজব প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।....সংগৃহীত ছবি

আইনের মধ্যে থেকে অপতথ্য বা গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার (৮ মে) সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক এক কর্মশালায় তিনি সবার প্রতি এ আহ্বান জানান।

কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। তথ্য সচিব বলেন, ‘সরকারি কর্মচারীদের প্রধান কাজ আইন অনুযায়ী দেশে নীতি বাস্তবায়ন করা। মামলা পরিচালনা ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট আইন জানা থাকলে দায়িত্ব পালন সহজ হবে। আমরা যদি মামলায় হেরে যাই তবে ব্যক্তিগত দায় এসে যায়। ব্যক্তিগত দায় থেকে রক্ষা পেতে আইন সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক।’

মাহবুবা ফারজানা বলেন, যেকোনো বিষয়ে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উচ্চ আদালতের অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা নেই। ব্যক্তিগত মামলার পাশাপাশি আমাদের বিভাগীয় মামলার সম্মুখীন হতে হয়। বিভাগীয় মামলার ক্ষেত্রে আইনকানুন ও মামলা পরিচালনার পদ্ধতি না জানার ফলে অনেক সময় আদালত অবমাননা থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনায় অনেক ক্ষতি হয়ে যায়। এ ধরণের কর্মশালার মাধ্যমে আমরা আমাদের দপ্তরের আইনকানুন সম্পর্কে জানবো এবং আমাদের মামলা-মোকদ্দমাগুলো মোকাবিলা করব।’

কর্মশালায় তিনি আইনের মধ্যে থেকে অপতথ্য বা গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কর্মশালায় অনলাইনে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মিও। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ মো. মাসুদ পারভেজ কর্মশালায় সেশন পরিচালনা করেন। রাজশাহী পিআইডি, বিভাগের জেলা তথ্য অফিসসহ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মশালায় অংশগ্রহণ করেন।