রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

cocktail attack
নিজস্ব প্রতিবেদক: ০৮ মে ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৮ মে ২০২৫ ০৮:৪৫ অপরাহ্ন
রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
.....সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলার ঘটনার এক সপ্তাহ পার হলেও জড়িতদের এখনো গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক ঐক্য’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের ওপর হামলা মানে শিক্ষার উপর হামলা, ছাত্র-জনতার ওপর হামলা এবং বুদ্ধিজীবীদের ওপর হামলা। নৈতিক শক্তিতে যারা পরাজিত তারা এই ঘৃণ্য কাজ করেছে। তারা কাপুরুষ ছাড়া আর কিছুই না, কারণ তাদের নৈতিক সাহস নেই। অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িতদের উদঘাটন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিঁয়ারিও দেন।

সমাবেশে বক্তব্য রাখেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আরবি বিভগের শিক্ষার্থী মাহায়ের ইসলাম প্রমুখ। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিনোদপুরের মন্ডলের মোড়ে তাঁর নিজ বাসার দরজার সামনে এ হামলার ঘটনা ঘটে।