আ.লীগ নিষিদ্ধ চেয়ে যমুনায় সামনে এখনো চলছে বিক্ষোভ

Demand to ban Awami League
অনলাইন ডেস্ক : ০৯ মে ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০৯ মে ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন
আ.লীগ নিষিদ্ধ চেয়ে যমুনায় সামনে এখনো চলছে বিক্ষোভ
..সংগৃহীত ছবি

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন `যমুনা'র সামনে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি পালন এখনো চলছে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে যমুনার সামনে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শুক্রবার (৯ মে) ভোরেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

কর্মসূচিটি ক্রমেই বিস্তৃত হচ্ছে—যোগ দিচ্ছেন নতুন নতুন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে প্রথমে অংশ নেয় এনসিপি। পরে এতে যোগ দেন আপ বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের নেতা-কর্মীরা। উপস্থিতদের মধ্যে রয়েছে কিশোর-যুব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিযবুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি প্রমুখ নেতৃত্ব দিচ্ছেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্বই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আজ আবারও সেই কাজ আদায়ের জন্য আমাদের রাস্তায় নামতে হয়েছে। ’

সকাল সোয়া ৮টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আন্দোলনের পরিসর বাড়তে থাকায় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।